| শিরোনাম: |

আগামী নভেম্বরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে ঢাকা ও নয়াদিল্লি কাজ করছে বলে আজ রোববার (২৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম 'টাইমস অব ইন্ডিয়া'। এর আগে নরেন্দ্র মোদি সরকার তাঁকে সফর করানোর একটি উদ্যোগ নিলেও তা সফল হয়নি।
প্রতিবেদনে জানা যায়, নভেম্বরের তৃতীয় সপ্তাহে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর অনুষ্ঠিত হওয়া নিয়ে দ্বিপক্ষীয় আলোচনা চলছে। ভারতে নিযুক্ত বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম দায়িত্ব গ্রহণের পর এই প্রক্রিয়া আরও গতি পেতে পারে। তিনি অক্টোবরের শেষ বা নভেম্বরের প্রথম সপ্তাহে ভারতে গিয়ে আনুষ্ঠানিকভাবে নিজ দায়িত্ব বুঝে নেবেন বলে আশা করা হচ্ছে।
তবে আলোচনা চললেও শেষ পর্যন্ত এই সফরটি হবে কি না, তা নিয়ে এখনো কিছুটা সংশয় রয়েছে। প্রতিবেদনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করার বিষয়টি অমিমাংসিত থাকা সফর চূড়ান্ত হওয়ার ক্ষেত্রে প্রধান অন্যতম একটি কারণ।
টাইমস অব ইন্ডিয়া আরও উল্লেখ করে, সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। জবাবে মোদি তাঁকে ধন্যবাদ জানালে কূটনৈতিক অঙ্গনে প্রধানমন্ত্রীর সফর নির্ধারণের সম্ভাবনা তৈরি হয়। তবে দুই দেশের সরকারের পক্ষ থেকে এখনো এই সম্ভাব্য সফর নিশ্চিত বা অস্বীকার—কোনোটিই করা হয়নি।
এই কূটনৈতিক তৎপরতার মধ্যেই গত ১৭ সেপ্টেম্বর ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সংক্ষিপ্ত সফরে গোপনে ঢাকা ঘুরে যান বলে সংবাদমাধ্যমটি তাদের প্রতিবেদনে দাবি করেছে।