| শিরোনাম: |

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ওয়াশিংটনের ওপর চূড়ান্ত আস্থা হারানোর কথা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি জানান, আগের দফা আলোচনার পরও নতুন করে হামলা ও নিষেধাজ্ঞা আরোপের মতো পদক্ষেপ নেওয়ায় যুক্তরাষ্ট্রের ওপর তেহরানের আর কোনো আস্থা নেই। তবে যুদ্ধ বিরতিতে দেওয়া তাদের সর্বশেষ প্রস্তাবের বিপরীতে তেহরান এখনও যুক্তরাষ্ট্রের জবাবের অপেক্ষায় রয়েছে।
যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যেই ইরানের দেওয়া এই প্রস্তাব প্রত্যাখ্যান করার কথা জানিয়েছেন। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের ব্যাপারে ইরানি প্রস্তাব তিনি গ্রহণ করেননি।
একই দিন আল-জাজিরায় প্রচারিত এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট পেজেশকিয়ান প্রশ্ন তুলে বলেন, “যুক্তরাষ্ট্রের ওপর আমাদের কোনো আস্থা নেই। তাদের সঙ্গে ঠিক কিসের ওপর ভিত্তি করে সমঝোতায় পৌঁছানো সম্ভব, সেটাও আমাদের জানা নেই।”
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে প্রেসিডেন্ট পেজেশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বর্তমানে নিউ ইয়র্ক সফরে রয়েছেন।
সেখানে দেওয়া তেহরানের প্রস্তাব সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী আরাগচি গত শুক্রবার সাংবাদিকদের বিস্তারিত জানান। প্রস্তাব অনুযায়ী, ইরান ও যুক্তরাষ্ট্রের সম্মতি থাকা বিষয়গুলো নিয়ে আলোচনা এবং ইরান-ইসরায়েল যুদ্ধ বন্ধের বিনিময়ে সাত দিনের মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে পুনরায় স্বাভাবিক নৌযান চলাচল শুরুর রূপরেখা দেওয়া হয়। আরাগচি জানান, প্রাথমিক প্রক্রিয়াগুলো সম্পন্ন করতে চার থেকে পাঁচ দিন সময় লাগবে, ষষ্ঠ দিনে হরমুজ প্রণালি উন্মুক্ত করা হবে এবং সপ্তম দিন থেকে মূল চুক্তির চূড়ান্ত আলোচনা শুরু হতে পারে।