প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২২ এএম (ভিজিট : ১৬২)

ফাইল ছবি
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভাষণ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্কের স্থানীয় সময় বিকেলে তিনি জাতিসংঘের বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে বক্তব্য দেবেন। প্রধানমন্ত্রী হিসেবে এটি হবে জাতিসংঘ সাধারণ পরিষদে তাঁর প্রথম ভাষণ।
প্রধানমন্ত্রীর ভাষণে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, আইনের শাসন ও জবাবদিহি, বিশ্ব শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন এবং অর্থনৈতিক সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পাবে বলে জানা গেছে। একই সঙ্গে যুব ও নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য, রোহিঙ্গা সংকট, আধুনিক প্রযুক্তির ন্যায়সংগত ব্যবহার এবং বহুপক্ষীয় ব্যবস্থার সংস্কার নিয়েও বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন তিনি।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নত দেশগুলোর কার্যকর আন্তর্জাতিক সহযোগিতা, পর্যাপ্ত জলবায়ু অর্থায়ন, অভিযোজন, প্রযুক্তি হস্তান্তর এবং জলবায়ু ন্যায়বিচারের প্রয়োজনীয়তার ওপরও প্রধানমন্ত্রী গুরুত্বারোপ করবেন বলে জানা গেছে।
জাতিসংঘের এবারের অধিবেশনে রোহিঙ্গা সংকটও বাংলাদেশের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু। নিউইয়র্ক সফরের শুরু থেকেই প্রধানমন্ত্রী আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে বৈঠকে রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় মিয়ানমারে প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরছেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণের মধ্য দিয়ে দেশের জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন অগ্রাধিকার বিশ্ব সম্প্রদায়ের সামনে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীর আজকের ভাষণের দিকে তাই আন্তর্জাতিক মহলের পাশাপাশি বাংলাদেশের মানুষেরও বিশেষ দৃষ্টি রয়েছে।