প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩৫ পিএম (ভিজিট : ৭৭)

সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় ভারত সফরের সময়সূচি নির্ধারণে বাংলাদেশ ও ভারতের মধ্যে নতুন করে কূটনৈতিক আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আগামী নভেম্বরের তৃতীয় সপ্তাহে সফর আয়োজনের সম্ভাব্য সময় হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে দুই দেশের পক্ষ থেকে এখনো সফরের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম অক্টোবরের শেষ সপ্তাহে অথবা নভেম্বরের শুরুতে দায়িত্ব নেওয়ার পর সফর চূড়ান্ত করার আলোচনা আরও গতি পেতে পারে।
সফরের ক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হয়ে আছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিষয়টি এখনো অমীমাংসিত রয়েছে।
সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানান তারেক রহমান। জবাবে মোদিও তাকে ধন্যবাদ জানান। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, দুই নেতার এই বার্তা বিনিময় সফরের তারিখ দ্রুত চূড়ান্ত করার সম্ভাবনা বাড়িয়েছে।
এদিকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ১৭ সেপ্টেম্বর ঢাকা সফর করেছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তবে তার ওই সফরের বিষয়ে বাংলাদেশ বা ভারতের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত বা অস্বীকার করা হয়নি।