প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৩ পিএম (ভিজিট : ৫৫)

সংগৃহীত ছবি
গোপনে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি সফর করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সফরে তিনি আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেছেন বলে জানিয়েছে রয়টার্স।
ইসরাইলি গণমাধ্যমে নেতানিয়াহুর আবুধাবি সফরের খবর প্রকাশের পর এক জ্যেষ্ঠ ইসরাইলি কর্মকর্তা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেন।
ইসরাইলের সম্প্রচারমাধ্যম চ্যানেল-১২-এর প্রতিবেদনে বলা হয়, রোববার ব্যক্তিগত একটি বিমানে আবুধাবি যান নেতানিয়াহু। দিনের বড় একটি অংশ তিনি সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করেন। এ সময় শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেন তিনি।
তবে দুই নেতার বৈঠকে কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে নেতানিয়াহুর কার্যালয় বিস্তারিত কিছু জানায়নি। আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
নেতানিয়াহুর এই সফরের খবর এমন এক সময়ে সামনে এলো, যখন ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার আগে সম্ভাব্য বড় ধরনের হামলার বিষয়ে আমিরাতের প্রেসিডেন্ট তাকে সতর্ক করেছিলেন কি না, তা নিয়ে ইসরাইলে নতুন করে আলোচনা চলছে।
ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, শেখ মোহাম্মদ বিন জায়েদ এ বিষয়ে নেতানিয়াহুকে সতর্ক করেছিলেন। তবে ওই দাবি অস্বীকার করেছেন নেতানিয়াহু।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালে ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে দুই দেশের যোগাযোগ অব্যাহত রয়েছে।
এর আগে আমিরাতের এক কর্মকর্তা জানিয়েছিলেন, নিরাপত্তাসংক্রান্ত বিষয়গুলো দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে আলোচনা করা হয়; রাষ্ট্রপ্রধান পর্যায়ে নয়।
নেতানিয়াহুর এবারের আবুধাবি সফর নিয়ে দুই দেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ না হওয়ায় বৈঠকের আলোচ্যসূচি এখনও স্পষ্ট নয়।