প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১২ এএম (ভিজিট : ৬০)

সংগৃহীত ছবি
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী তুন ড. সিতি হাসমাহ মোহাম্মদ আলী মারা গেছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০০ বছর।
হংকংভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট (এসসিএমপি) পরিবারের বরাত দিয়ে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তবে তাৎক্ষণিকভাবে তাঁর মৃত্যুর কারণ জানা যায়নি।
মালয়েশিয়ার চিকিৎসা ও জনস্বাস্থ্য খাতের অন্যতম পথিকৃৎ হিসেবে পরিচিত ছিলেন ড. সিতি হাসমাহ। দেশটির ইতিহাসের শুরুর দিকের অল্পসংখ্যক মালয় নারী চিকিৎসকের মধ্যে তিনি ছিলেন অন্যতম। চিকিৎসাবিজ্ঞানে পড়াশোনা শেষে দীর্ঘ কর্মজীবনে চিকিৎসাসেবা, জনস্বাস্থ্য ও সামাজিক কল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত ছিলেন তিনি। বিশেষ করে গ্রামীণ স্বাস্থ্যসেবা এবং মা ও শিশুর সুরক্ষায় তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
গত বছরের মে মাসে কুয়ালালামপুরের একটি ক্যাফেতে নারীদের সঙ্গে গল্পে মেতে ওঠেন সিতি হাসমাহ। ছবি: এএফপি
১৯৫৬ সালে মাহাথির মোহাম্মদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সিতি হাসমাহ। মাহাথিরের দুই দফা প্রধানমন্ত্রিত্বের সময় তিনি মালয়েশিয়ার ফার্স্ট লেডি হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় অংশগ্রহণ তাঁকে ব্যাপকভাবে পরিচিত করে তোলে।
ড. সিতি হাসমাহর মৃত্যুতে মালয়েশিয়াজুড়ে শোকের আবহ তৈরি হয়েছে। চিকিৎসা, জনস্বাস্থ্য ও সামাজিক কল্যাণে তাঁর দীর্ঘ অবদানের কারণে দেশটির জনজীবনে তাঁর প্রয়াণ একটি উল্লেখযোগ্য শূন্যতা তৈরি করেছে।