প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৩ পিএম (ভিজিট : ৬৫)

সংগৃহীত ছবি
মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পুলিশ, সিটি করপোরেশনের কর্মকর্তা ও ভাসমান ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিজের অবস্থান জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, উচ্ছেদ কার্যক্রমের আগে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে মিরপুরের ১৩ নম্বর থেকে ১০ নম্বর এলাকার হোপ মার্কেটের ফুটপাতে উচ্ছেদ অভিযান চলাকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিটি করপোরেশনের কিছু সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয় এবং অভিযানে অংশ নেওয়া কর্মকর্তা-কর্মচারী ও পুলিশের সদস্যদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ হয়। সংবাদ সংগ্রহে গিয়ে গণমাধ্যমকর্মীরাও বাধার মুখে পড়েন।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, মিরপুর তার সংসদীয় আসনের গুরুত্বপূর্ণ একটি এলাকা। জনগণের সুবিধা-অসুবিধা-সংক্রান্ত বিষয়ে পদক্ষেপ নেওয়ার আগে সংশ্লিষ্ট সংসদ সদস্যের সঙ্গে পরামর্শ করা হলে বিষয়টি আরও সমন্বিতভাবে বাস্তবায়ন করা সম্ভব হতো।
তিনি বলেন, সংঘাতের পরিবর্তে এমন ব্যবস্থা নেওয়া প্রয়োজন, যাতে ক্ষুদ্র ব্যবসায়ীরা অযথা ক্ষতিগ্রস্ত না হন এবং একই সঙ্গে সাধারণ মানুষের চলাচলের পথও নির্বিঘ্ন থাকে। এ জন্য সমন্বিত ও বাস্তবভিত্তিক উদ্যোগ প্রয়োজন।
ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে দীর্ঘদিন ধরে একটি চক্র চাঁদা আদায় করছে বলেও অভিযোগ করেন তিনি। তার দাবি, দৈনিক, সাপ্তাহিক, মাসিক ও বার্ষিক ভিত্তিতে চাঁদা নেওয়ার অভিযোগ রয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
ডা. শফিকুর রহমান আরও বলেন, উচ্ছেদ অভিযান পরিচালনার আগে সংশ্লিষ্ট ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা নিশ্চিত করা দরকার। ভবিষ্যতে এ ধরনের পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সম্পৃক্ত করে সমন্বিতভাবে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি সবাইকে আপাতত শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, সমস্যার সমাধান হতে হবে নিরপেক্ষ, বাস্তবভিত্তিক ও মানবিকভাবে, যাতে কাউকে অযথা ক্ষতিগ্রস্ত হতে না হয়। একই সঙ্গে তিনি বলেন, ‘ফ্যাসিবাদের দোসরদের কোনো জায়গা নেই।’