প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১২:০৩ এএম (ভিজিট : ৮৭)

সংগৃহীত ছবি
অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত আউটসোর্সিং নীতিমালার সাম্প্রতিক সংশোধনী চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছে আউটসোর্সিং ম্যানপাওয়ার প্রভাইডার সোসাইটি অফ বাংলাদেশ। রিটকারী সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই নীতিমালা সংবিধান ও প্রচলিত আইনের সঙ্গে সাংঘর্ষিক।
গত ২১ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আজাদ ছাল্লাল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আউটসোর্সিং নীতিমালা ২০২৫-এর সংশোধনী আনা হয়। ওই প্রজ্ঞাপনের কার্যকারিতা স্থগিত ও বাতিলের পক্ষেই এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।
সংশোধিত নীতিমালা অনুযায়ী, এখন থেকে সরকারি কোনো মন্ত্রণালয়, বিভাগ বা দপ্তর নতুন করে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে কোনো বেসরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল নিতে পারবে না। তবে ২১ সেপ্টেম্বরের আগে যেসব টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে এবং চলমান চুক্তির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম বহাল থাকবে।
এছাড়া বিশেষায়িত সরকারি প্রতিষ্ঠানগুলো তাদের প্রয়োজন অনুযায়ী সেবা নিতে পারবে। অন্যদিকে, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, পাবলিক লিমিটেড কোম্পানি, ব্যাংক, বীমা ও অন্যান্য প্রাইভেট প্রতিষ্ঠান আগের মতো বেসরকারি আউটসোর্সিং এজেন্সির সেবা অব্যাহত রাখতে পারবে।
সংবিধানসম্মত ব্যবসা পরিচালনার অধিকার ক্ষুণ্ন হওয়ার কথা উল্লেখ করে আউটসোর্সিং ম্যানপাওয়ার প্রভাইডার সোসাইটি অফ বাংলাদেশের সভাপতি আবু তালেব বলেন, রাষ্ট্র আমাদের বৈধভাবে ব্যবসা পরিচালনার অধিকার দিয়েছে। কিন্তু প্রণীত নীতিমালাটি আইনের পরিপন্থী রূপ ধারণ করেছে, যা দেশের প্রচলিত নিয়মের সঙ্গে সংগতিপূর্ণ নয়। আইনি কাঠামোর বাইরে গিয়ে এমন নীতিমালা বহাল থাকার সুযোগ নেই বলেই আমরা আদালতের শরণাপন্ন হয়েছি।