বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬ ● ১৫ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: আউটসোর্সিংয়ের সংশোধিত নীতিমালা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট   নিজ নির্বাচনী এলাকায় না জানিয়ে উচ্ছেদ অভিযান, বিস্ময় প্রকাশ জামায়াত আমিরের   ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষনা   লোহাগড়া উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল রানা লাক্সমি   মরিয়মের মৃত্যুর মামলায় আপস, এমপি গাজী নজরুলের জামিনে আপত্তি নেই   মিয়ানমার জান্তার বিমান হামলা, বাংলাদেশের সীমান্তের কাছে নিহত ৫০   নিউগিনি প্রপার্টিজে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার   
আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩১ পিএম   (ভিজিট : ৫৫)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। অপরাধী, চাঁদাবাজ, অস্ত্রধারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে নিয়মিত বিশেষ অভিযান চলছে এবং তা আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।

বুধবার দুপুরে সচিবালয়ে দুর্গাপূজার নিরাপত্তাসংক্রান্ত সভা শেষে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে আগের অন্তর্বর্তী সরকার দুর্গাপূজার সরকারি ছুটি এক দিন থেকে বাড়িয়ে দুই দিন করেছিল। এবার প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে সেই ছুটি আরও এক দিন বাড়িয়ে তিন দিন করা হয়েছে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে সনাতন ধর্মাবলম্বীসহ দেশবাসী টানা পাঁচ দিনের ছুটি পাবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী প্রতি বছর পূজামণ্ডপে দেওয়া সরকারি অনুদানের পরিমাণও চার কোটি টাকা থেকে বাড়িয়ে পাঁচ কোটি টাকা করেছেন। সরকারের এসব সিদ্ধান্তে সনাতন ধর্মাবলম্বীদের নেতারা কৃতজ্ঞতা জানিয়েছেন।

দেশে ধর্মীয় সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ বছর রেকর্ডসংখ্যক প্রায় ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, যা গত বছরের তুলনায় প্রায় ১ হাজার ৫০০টি বেশি।

পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তি ও তদারকি জোরদার করা হচ্ছে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, জাতীয় নির্বাচনের সময় ব্যবহৃত এনটিএমসির বিশেষ অ্যাপ দুর্গাপূজার নিরাপত্তায় ব্যবহার করা হবে। এ জন্য জেলা পর্যায়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি পুলিশ সদর দপ্তর, বিভাগ ও জেলা পর্যায়ে ২৪ ঘণ্টার মনিটরিং টিম সক্রিয় থাকবে।

তিনি আরও বলেন, প্রতিটি পূজামণ্ডপের স্বেচ্ছাসেবকদের তালিকা সংশ্লিষ্ট থানায় যাচাই শেষে তাদের পরিচয়পত্র দেওয়া হবে। পূজামণ্ডপগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলায় ২৪ ঘণ্টা বিকল্প জেনারেটর ও চার্জার লাইট প্রস্তুত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধী, চাঁদাবাজ, অস্ত্রধারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে নিয়মিত বিশেষ অভিযান চলছে। সম্প্রতি মিরপুরের রাড্ডা ক্লিনিকের ঘটনায় পুলিশ কর্মকর্তার দায়িত্বে অবহেলার প্রাথমিক প্রমাণ পাওয়ায় তাকে তাৎক্ষণিক প্রত্যাহার করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। মাটিকাটায় জমি দখলের ঘটনায় ৯৯৯-এ কল পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করেছে।

অপরাধের সঙ্গে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা আছে কি না, তা নিরপেক্ষভাবে তদন্ত করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, অপরাধী যে দলেরই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।

মিরপুরে সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষ ও পুলিশ ভ্যান ভাঙচুরের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী ম্যাজিস্ট্রেট ও পুলিশের মধ্যে সমন্বয়হীনতার কারণে ঘটনাটি ঘটেছে। বিষয়টি পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

দুই-একটি বিচ্ছিন্ন ঘটনার ভিত্তিতে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির মূল্যায়ন না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সমাজে শান্তি প্রতিষ্ঠা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।

সভায় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তা এবং সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধিত্বকারী বিভিন্ন সংগঠনের নেতারা অংশ নেন। প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) বিজন কান্তি সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]