প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১২:২০ পিএম (ভিজিট : ৭৯)

সংগৃহীত ছবি
ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশসহ দক্ষিণ ও মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূত ও মিশনপ্রধানদের নিয়ে আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ সম্মেলনের আয়োজন করেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর আওতাধীন ১১ দেশের কূটনীতিকরা সম্মেলনে অংশ নেন। দেশগুলো হলো—বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তান।
সম্মেলনে আঞ্চলিক কূটনৈতিক কার্যক্রম, কৌশলগত অগ্রাধিকার, অর্থনৈতিক সহযোগিতা ও নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠকে দক্ষিণ ও মধ্য এশিয়ায় যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পৃক্ততা ও অগ্রাধিকার নিয়ে মতবিনিময় করেন অংশগ্রহণকারী মার্কিন কূটনীতিকরা।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সার্জিও গোর বলেন, দক্ষিণ ও মধ্য এশিয়ায় দায়িত্ব পালনরত সব মার্কিন রাষ্ট্রদূতকে ভারতে একসঙ্গে পেয়ে তিনি আনন্দিত।