প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১০:৫৮ এএম (ভিজিট : ৪৩)

সংগৃহীত ছবি
বিএনপি কোনো হুমকি-ধমকিতে ভয় পায় না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, দীর্ঘদিনের জুলুম-নির্যাতন উপেক্ষা করে রাজপথের আন্দোলনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। কোনো ধরনের চাপ বা হুমকিতে ভয় না পেয়ে জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বগুড়ার মোকামতলায় উপজেলা বিএনপি আয়োজিত মশাল মিছিলের আগে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নিষিদ্ধ ও গুপ্ত সংগঠনের দেশবিরোধী ষড়যন্ত্র, পরিকল্পিত সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সাম্প্রতিক রাজনৈতিক কর্মসূচির সমালোচনা করে মীর শাহে আলম বলেন, লংমার্চের নামে রাজপথে যে শোডাউন হয়েছে, তাতে সাধারণ মানুষের কোনো সাড়া ছিল না। পায়ে হেঁটে লংমার্চের কথা বলা হলেও শত শত গাড়িবহর নামানো হয়েছে। একদিকে জ্বালানি সংকটের কথা বলে জনমনে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, অন্যদিকে রাজনৈতিক কর্মসূচির নামে বিপুল পরিমাণ জ্বালানি অপচয় করা হচ্ছে। সংসদে এক ধরনের অবস্থান এবং রাজপথে ভিন্ন আচরণের মাধ্যমে এসব দল দ্বিমুখী অবস্থান প্রকাশ করছে বলেও মন্তব্য করেন তিনি।
একটি বিশেষ রাজনৈতিক মহলের কর্মকাণ্ডের দিকে ইঙ্গিত করে প্রতিমন্ত্রী অভিযোগ করেন, একটি গুপ্ত সংগঠন ১১টি দলকে নিয়ে জোটবদ্ধ হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনর্বাসনের পথ তৈরির জন্য দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। তবে দেশের মানুষ এখন সচেতন এবং যেকোনো অপতৎপরতা ও ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির সাংগঠনিক ও রাজনৈতিক সক্ষমতা রয়েছে বলে দাবি করেন তিনি।
মোকামতলাসহ পুরো এলাকার উন্নয়ন প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, অবকাঠামোগত ও সামগ্রিক উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। দেশের প্রতিটি অঞ্চলের মানুষ যাতে সুষম উন্নয়নের সুফল পায়, সে লক্ষ্যে একাধিক বড় প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
সমাবেশ শেষে মোকামতলা উপজেলা বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মশাল মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও অংশ নেন।