প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১২:৫৪ পিএম (ভিজিট : ৬৭)

সংগৃহীত ছবি
ফেনী জেলা সফর উপলক্ষে ঢাকা থেকে সড়কপথে যাওয়ার পথে কুমিল্লা অতিক্রম করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানী থেকে তাঁর গাড়িবহর ফেনীর উদ্দেশে রওনা হয়।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের বিভিন্ন পয়েন্টে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষের উপস্থিতি দেখা যায়।
বেলা সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর কুমিল্লার নিমসার মহাসড়ক এলাকা অতিক্রম করার সময় সেখানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। মহাসড়কের দুই পাশে অবস্থান নেওয়া নেতাকর্মীরা করতালি ও স্লোগানের মাধ্যমে তাঁকে স্বাগত জানান।
এ সময় স্থানীয় নিমসার জুনাব আলী কলেজের শত শত শিক্ষার্থী ও শিক্ষক মহাসড়কের পাশে অবস্থান নেন। কলেজটি জাতীয়করণের দাবিতে তারা বিভিন্ন ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন। প্রধানমন্ত্রী গাড়িবহর নিয়ে এলাকা অতিক্রম করার সময় হাত নেড়ে নেতাকর্মী, শিক্ষার্থী ও সাধারণ মানুষকে শুভেচ্ছা জানান।
নিমসারের কলেজ এলাকায় স্থানীয় সংসদ সদস্য জসীম উদ্দীন ও বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি মিজানুর রহমানের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে অভিবাদন জানান।
এদিকে নিমসার জুনাব আলী কলেজ গেট থেকে পশ্চিম দিকের মিল গেট পর্যন্ত এলাকায়ও নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে বর্ণাঢ্য পরিবেশ তৈরি হয়। স্থানীয় সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. গোলাম সারোয়ারের পক্ষ থেকেও বুড়িচং মোকাম ইউনিয়নের বিএনপি কর্মী-সমর্থকেরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তারেক রহমানের প্রথম ফেনী সফর। দিনব্যাপী সফরে তিনি পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের পুনর্বাসন কাজের উদ্বোধন, সৌরবিদ্যুৎ প্রকল্প গ্রিডে যুক্ত করা এবং কৃষক ও স্থানীয় মানুষের মধ্যে ‘কৃষক কার্ড’ ও ‘ফ্যামিলি কার্ড’ বিতরণসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।