প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৬:৩৮ পিএম (ভিজিট : ৭১)

সংগৃহীত ছবি
ফাইনালে খেলার প্রত্যাশা নিয়ে এশিয়ান গেমসে গিয়েছিল বাংলাদেশ। তবে ফাইনালে ওঠা তো দূরের কথা, শেষ পর্যন্ত ব্রোঞ্জ পদকও জিততে পারেনি দল। এমন হতাশাজনক পারফরম্যান্সের পর ব্যর্থতার দায় স্বীকার করেছেন বাংলাদেশ দলের কোচ মোহাম্মদ সালাউদ্দিন। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘জাতির কাছে লজ্জিত’ তিনি।
শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সালাউদ্দিন বলেন, ‘সত্যি বলতে আমরা জাতির কাছে খুবই লজ্জিত। কোচ হিসেবে আমি মনে করি, আমরা ব্যর্থ হয়েছি। যে প্রত্যাশা ছিল, সেখানে আমরা কিছুই করতে পারিনি। খুবই হতাশাজনক। পুরো জাতির কাছে আমরা লজ্জিত এবং ক্ষমাপ্রার্থী।’
বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে ম্যাচের পর নানা প্রশ্ন উঠেছে। দলের শরীরী ভাষা, খেলার পরিকল্পনা ও ক্রিকেটারদের মনোযোগ—সবকিছুই এসেছে আলোচনায়। বিশেষ করে শ্রীলঙ্কার ১৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ার প্লের মধ্যেই পাঁচ-ছয়টি উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ।
তবে ক্রিকেটারদের চেষ্টার ঘাটতিকে ব্যর্থতার কারণ হিসেবে দেখছেন না সালাউদ্দিন। তাঁর মতে, পরিকল্পনা থাকলেও মাঠে তা যথাযথভাবে বাস্তবায়ন করতে পারেনি দল।
কোচ বলেন, ‘প্লেয়াররা তাদের সর্বোচ্চ চেষ্টা করেছে। কিন্তু আমার মনে হয়, আমরা গেমপ্ল্যান ঠিকমতো বাস্তবায়ন করতে পারিনি। আমাদের প্রিমিয়াম বোলাররা যেভাবে বল করবে আশা করেছিলাম, সেটা করতে পারেনি। স্পিনাররা খুবই ভালো বল করেছে।’
শ্রীলঙ্কার বিপক্ষে হারের পেছনে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিং বিপর্যয়কেও বড় কারণ হিসেবে দেখছেন বাংলাদেশ কোচ। তাঁর মতে, পাওয়ার প্লেতেই ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে দল।
সালাউদ্দিন বলেন, ‘খুব তাড়াহুড়ো করতে গিয়ে পাওয়ার প্লেতে পাঁচ-ছয়টা উইকেট পড়ে যায়। সেখান থেকে ম্যাচ বের করা খুব কঠিন। কারণ অন্য দলগুলোর মতো আমাদের খুব বেশি অলরাউন্ডার নেই।’
তবে শ্রীলঙ্কার দেওয়া ১৬৫ রানের লক্ষ্য তাড়া করে জেতা সম্ভব ছিল বলে মনে করেন সালাউদ্দিন। এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘অবশ্যই সম্ভব। এই উইকেটে সম্ভব ছিল।’