রবিবার ● ৪ অক্টোবর ২০২৬ ● ১৮ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: চাঁপাইনবাবগঞ্জে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু   বিমানবন্দরে তিন অভিযানে ৬৭ ভরি স্বর্ণসহ আটক ৭   কক্সবাজার সৈকতে সরকারি জমিতে ‘হাঁড়ি’ রেস্টুরেন্ট!   মাঝ আকাশে হামলার শিকার সেই ভারতীয় ‘হিরো’ পাইলটকে হাসপাতালে দেখতে গেলেন দুবাইয়ের যুবরাজ   সালমান মুক্তাদিরের শ্বশুরের ফুয়াং ক্লাবে এসআরবি-এনবিআরের অভিযান   ট্রাম্পের দেওয়া নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি প্রকাশ   এশিয়ান গেমসে ব্যর্থতায় ‘জাতির কাছে লজ্জিত’ কোচ সালাউদ্দিন   
গেইলের ১৩ বছরের রেকর্ড ভেঙে টি-টোয়েন্টিতে প্রিটোরিয়াসের বিশ্বরেকর্ড
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১২:২১ পিএম   (ভিজিট : ৮১)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

২০১৩ সালে পুরুষদের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড গড়েছিলেন ক্রিস গেইল। এরপর কেটে গেছে ১৩ বছর। এই সময়ে অনেক ব্যাটার রেকর্ডটির কাছাকাছি গেলেও কেউ তা ভাঙতে পারেননি। অবশেষে সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছেন দক্ষিণ আফ্রিকার লুয়ান-ড্রে প্রিটোরিয়াস।

সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে নাইটসের বিপক্ষে টাইটানসের হয়ে মাত্র ৭৯ বলে অপরাজিত ১৮৮ রান করেছেন ২০ বছর বয়সী এই ব্যাটার। ব্লুমফন্টেইনে দুর্দান্ত এই ইনিংসের সুবাদে পুরুষদের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত রানের নতুন রেকর্ড এখন তার দখলে।

টি-টোয়েন্টি ইতিহাসে প্রথম ডাবল সেঞ্চুরি থেকে মাত্র ১২ রান দূরে ছিলেন প্রিটোরিয়াস। তবে শেষ পর্যন্ত সেই মাইলফলক ছোঁয়া হয়নি তার। এটি তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি।

এর আগে পুরুষদের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডটি ছিল গেইলের দখলে। ২০১৩ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ৬৬ বলে অপরাজিত ১৭৫ রান করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের এই তারকা। দীর্ঘ ১৩ বছর পর সেই রেকর্ড ছাড়িয়ে গেলেন প্রিটোরিয়াস।

ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন বাঁহাতি ওপেনার প্রিটোরিয়াস। মাত্র ২৪ বলে পূর্ণ করেন নিজের অর্ধশতক। এরপর সেঞ্চুরিতে পৌঁছাতে খেলেন আরও ১৬ বল। অর্থাৎ মাত্র ৪০ বলেই তিন অঙ্কের ঘরে পৌঁছে যান তিনি। ৫৮ বলে পূর্ণ করেন ১৫০ রান।

পুরো ইনিংসে ১৩টি ছক্কা ও ১৫টি চার মারেন প্রিটোরিয়াস। তার ব্যাটিংয়ের সামনে নাইটসের বোলাররা কার্যকর প্রতিরোধ গড়তে পারেননি। দলের সব বোলারই ওভারপ্রতি ১১ বা তার বেশি রান দিয়েছেন।

বল খেলার হিসাবে পুরুষদের টি-টোয়েন্টির দীর্ঘতম ইনিংসের তালিকায় প্রিটোরিয়াসের এই ইনিংস অ্যারন ফিঞ্চ ও মার্কাস স্টয়নিসের ইনিংসের সমান অবস্থানে রয়েছে।

প্রিটোরিয়াসের দুর্দান্ত ব্যাটিংয়ে টাইটানস ৩ উইকেটে ২৬৭ রান সংগ্রহ করে। সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জের ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ দলীয় স্কোর। এই প্রতিযোগিতায় এর চেয়ে বেশি রান করার কীর্তি রয়েছে শুধু টাইটানসেরই।

২০২২ সালে একই নাইটসের বিপক্ষে ৩ উইকেটে ২৭১ রান করেছিল টাইটানস। সেই ম্যাচে ডেওয়াল্ড ব্রেভিস ১৬২ রান করেছিলেন, যা এত দিন প্রতিযোগিতাটির সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ছিল। এবার ১৮৮ রানের ইনিংস খেলে সেই রেকর্ডও নিজের করে নিয়েছেন প্রিটোরিয়াস।

প্রতিযোগিতাটির ইতিহাসে সর্বোচ্চ পাঁচটি দলীয় সংগ্রহের সব কটিই এখন টাইটানসের দখলে।

২০২৬-২৭ মৌসুমে এটি ছিল প্রিটোরিয়াসের প্রথম ম্যাচ। তবে মাঠে নামার আগেই দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি। সেপ্টেম্বরে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে আগের দুই ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৯৪ এবং নামিবিয়ার বিপক্ষে ১০১ রান করেছিলেন এই তরুণ ব্যাটার।

আন্তর্জাতিক ক্রিকেটে এখনো নতুন প্রিটোরিয়াস। সব সংস্করণ মিলিয়ে খেলেছেন মাত্র ২২টি ম্যাচ। তবে টি-টোয়েন্টিতে অভিজ্ঞতা তুলনামূলক বেশি; এই সংস্করণে এটি ছিল তার ৯১তম ম্যাচ। টি-টোয়েন্টি ক্যারিয়ারে তার স্ট্রাইক রেট ১৫০.৪৪।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]