প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৮:৪০ পিএম (ভিজিট : ৫৪)

সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্র থেকে নিজ শহর রোসারিওতে ফিরেছেন আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসি। শুক্রবার সকালে স্ত্রী ও তিন সন্তানকে সঙ্গে নিয়ে সেখানে পৌঁছান তিনি। এবার যোগ দেবেন জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে। সতীর্থদের সঙ্গে প্রস্তুতি নেবেন দেশের জার্সিতে নিজের শেষ ম্যাচের জন্য।
বুয়েনস আইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের মঞ্চ প্রস্তুত। আগামী বুধবার বাংলাদেশ সময় ভোর ৫টায় বেনিনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচের মধ্য দিয়েই জাতীয় দলের হয়ে দুই দশকের বেশি সময়ের পথচলার ইতি টানবেন আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিধারী এই তারকা।
এর আগে শনিবার মনুমেন্তাল স্টেডিয়ামে বুরকিনা ফাসোর বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। স্থানীয় সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি। তবে দলের মনোযোগের বড় অংশই এখন বেনিনের বিপক্ষে ম্যাচ ঘিরে, কারণ ওই ম্যাচেই শেষবারের মতো জাতীয় দলের জার্সিতে দেখা যেতে পারে মেসিকে।
জাতীয় দলের এবারের স্কোয়াডে শুরু থেকেই রয়েছেন মেসি। তবে কোচ লিওনেল স্কালোনি ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে আলোচনার পর তার খেলার সূচি নির্ধারণ করা হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী, বেনিনের বিপক্ষেই মাঠে নামবেন তিনি।
এ কারণেই এখনো জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে যোগ দেননি মেসি। তবে শিগগিরই সতীর্থদের সঙ্গে অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে তার। নিজের নামে থাকা অনুশীলন কেন্দ্রেই দলের সঙ্গে প্রস্তুতি সারবেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার।
মেজর লিগ সকারে এ সপ্তাহে কোনো ম্যাচ না থাকায় জাতীয় দলের সঙ্গে যোগ দেওয়ার সুযোগ পেয়েছেন মেসি। যুক্তরাষ্ট্র থেকে রাতের ফ্লাইটে আর্জেন্টিনার উদ্দেশে রওনা হওয়ার সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও তিন সন্তান। মেসির বিদায়ী ম্যাচে পরিবারের সদস্যদেরও উপস্থিত থাকার কথা রয়েছে।