প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ১১:২২ এএম (ভিজিট : ৬২)

সংগৃহীত ছবি
বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সহযোগিতার জন্য উন্মুক্ত থাকার পাশাপাশি স্বাধীনভাবে পররাষ্ট্রনীতি পরিচালনা করতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, বাংলাদেশ অন্য কোনো পক্ষের ভূ-রাজনৈতিক প্রতিযোগিতার ‘দাবার বোর্ড’ হতে চায় না; বরং নিজেদের শর্তে এগিয়ে যেতে চায়।
শনিবার (৩ অক্টোবর) রাজধানীতে পঞ্চম বে অব বেঙ্গল কনভারসেশনের ‘নতুন করে লেখা এক বিশ্ব’ শীর্ষক এক সেশনে এসব কথা বলেন তিনি।
শামা ওবায়েদ ইসলাম বলেন, বাংলাদেশ মাথা উঁচু করে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে আলোচনা, সহযোগিতা ও অংশীদারিত্ব করতে প্রস্তুত। তবে দেশের পররাষ্ট্রনীতিতে জনগণের স্বার্থই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
তিনি বলেন, অন্যান্য দেশের মতো বাংলাদেশকেও উপসাগরীয় যুদ্ধের মতো পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। এ ধরনের পরিস্থিতিতে বাংলাদেশকে দুটি বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। এর একটি হলো অপ্রত্যাশিত জ্বালানি সংকট এবং অন্যটি উপসাগরীয় দেশগুলোতে বসবাস ও কর্মরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির বিষয়।
জ্বালানি সংগ্রহে নতুন উৎস ও ক্ষেত্রের দিকে নজর দেওয়ার কথা জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দেশে নিজস্ব গ্যাস ও এলএনজির সম্ভাব্য উৎস রয়েছে, যেগুলো অতীতে অনুসন্ধান করা হয়নি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ইতোমধ্যে এসব উৎসের অনুসন্ধান শুরু করেছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ সৌরবিদ্যুতের দিকেও গুরুত্ব দিচ্ছে এবং দেশের প্রতিটি নাগরিককে জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে আরও স্বয়ংসম্পূর্ণ করার চেষ্টা করা হচ্ছে।
‘নতুন করে গড়ে ওঠা এক বিশ্বে ক্ষমতা, প্রযুক্তি ও আস্থার পথচলা’ স্লোগানে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সম্মেলনটির আয়োজন করে। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।