প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৭:৫০ পিএম (ভিজিট : ৯০)

সংগৃহীত ছবি
দেশের প্রশাসনসহ বিভিন্ন জায়গায় ফ্যাসিবাদের দোসররা এখনো ঘাপটি মেরে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, নির্বাচিত সরকারকে বিব্রত করা এবং দেশকে অস্থিতিশীল করতে তারা নানা ধরনের ষড়যন্ত্র করছে।
বুধবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণের আগে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, প্রশাসনসহ বিভিন্ন জায়গায় এখনো ফ্যাসিবাদের দোসররা সক্রিয় রয়েছে। তারা নানা ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলতে এবং দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চাচ্ছে।
এ সময় পুলিশের ভ্যান থেকে কীভাবে একজন শীর্ষ সন্ত্রাসী পালিয়ে যেতে পারে, তা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা।
ডেঙ্গু মোকাবিলায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে রিজভী বলেন, আগে থেকেই সচেতন হলে ডেঙ্গু অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। এ জন্য বাসাবাড়ি ও আশপাশের এলাকায় জমে থাকা পানি দ্রুত পরিষ্কার করতে হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পচা ও জমে থাকা পানি দ্রুত পরিষ্কার করার নির্দেশ দিয়েছেন, যাতে সেখানে ডেঙ্গুর প্রজনন না ঘটে।
রিজভী আরও বলেন, আগে ডেঙ্গু পরীক্ষার জন্য ৫০ টাকা নেওয়া হলেও বর্তমানে তা বিনামূল্যে করা হচ্ছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জনগণের সরকার। এই সরকার কোনো ধরনের নৈরাজ্য ও অপরাধকে প্রশ্রয় দেবে না।