প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৭:৫৬ পিএম (ভিজিট : ৮০)

সংগৃহীত ছবি
কার্যক্রম নিষিদ্ধ কোনো রাজনৈতিক দল আইনবিরোধী কর্মকাণ্ডে জড়ালে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান ও অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। একই সঙ্গে ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো সুনির্দিষ্ট তথ্য পুলিশের কাছে নেই বলেও জানান তিনি।
বুধবার ডিএমপির মিডিয়া সেন্টারে ভেজাল ওষুধ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকা থেকে বিপুল পরিমাণ ভেজাল ওষুধসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ওষুধ তৈরির বিভিন্ন যন্ত্রপাতিও জব্দ করা হয়।
ডিবি প্রধান জানান, জব্দ করা ভেজাল ওষুধের মধ্যে শিশুদের ওষুধও রয়েছে। কিছু চিকিৎসক জেনেশুনে এসব ওষুধ প্রেসক্রাইব করছেন বলেও অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম বলেন, ডিসেম্বর ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার দেশে ফেরাকে কেন্দ্র করে নাশকতার কোনো সুনির্দিষ্ট শঙ্কা নেই। তবে নিষিদ্ধ কোনো রাজনৈতিক দল বা এর সঙ্গে সংশ্লিষ্ট কেউ আইনবিরোধী কর্মকাণ্ডে জড়ালে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।