
গাজীপুরের কালিযাকৈরে শারদীয় দুর্গাপূজাকে ঘিরে শুরু হয়েছে হিন্দু ধর্মালম্বীদের উৎসবের আমেজ। উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। শিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় প্রতিমায় ফুটে উঠছে নানা কারুকাজ। কোথাও চলছে রংয়ের কাজ, কোথাও শেষ মুহূর্তের সাজসজ্জা। পূজার দিন যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে উৎসবের প্রস্তুতি ও ব্যস্ততা।
এবছর কালিযাকৈর উপজেলায় ১৪৫ টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে পৌরসভা এলাকায়- ২১টি, শ্রীফলতলী ইউনিয়নে- ১৪টি, সূত্রাপুর ইউনিয়নে- ২১টি, চাপাইর ইউনিয়নে- ১৪টি, ঢালজোড়া ইউনিয়নে-১৫ টি, আটাবহ ইউনিয়নে -১৮ টি, মধ্যপাড়া ইউনিয়নে-১২ টি, বোয়ালী ইউনিয়নে -১৪ টি, মৌচাক ইউনিয়নে -১১টি, ফুলবাড়িয়া ইউনিয়নে- ৫ টি মণ্ডপ সহ সর্বমোট ১৪৫টি পূজা মন্তব্যের কাজ শেষ পর্যায়ে রয়েছে।
শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের লক্ষ্যে ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে উপজেলা পূজা উদযাপন পরিষদ ও পূজা উদযাপন ফ্রন্ট। প্রতিটি মণ্ডপে সাজসজ্জার পাশাপাশি নিরাপত্তা ও স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনাতেও গুরুত্ব দেওয়া হচ্ছে। সব মিলিয়ে প্রতিমা নির্মাণ থেকে শুরু করে মণ্ডপের সাজসজ্জা—সবকিছুতেই এখন শেষ মুহূর্তের ব্যস্ততা। নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের প্রত্যাশায় রয়েছেন কালিযাকৈরের সনাতন ধর্মাবলম্বীরা।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কালিয়াকৈর উপজেলা শাখার সভাপতি চান মোহন রায় ও সাধারণ সম্পাদক অর্জুন চন্দ্র সরকার বলেন, এবছর কালিয়াকৈর উপজেলায় ১৪৫ টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। যুগ যুগ ধরে এ দেশে বিভিন্ন ধর্মের মানুষ পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির সঙ্গে ধর্মীয় উৎসব পালন করে আসছেন। এবারও কালিয়াকৈর উপজেলায় আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে তারা আশাবাদী। প্রতিটি মণ্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবকের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নজরদারি থাকবে।
কালিযাকৈর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম বলেন, পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি নিয়মিত টহল জোরদার করা হবে। পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে ঝুঁকিপূর্ণ মণ্ডপগুলো চিহ্নিত করে সেখানে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হবে। পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেদিকে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক থাকবে।
কালিযাকৈর উপজেলা নির্বাহী অফিসার এ,এইচ,এম ফখরুল হোসাইন বলেন, উপজেলাজুড়ে পূজামণ্ডপগুলোতে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন সহ পুলিশি টহল জোরদার করা হবে এবং সিসিটিভি ফুটেজ নিয়মিত মনিটরিং করা হবে। পূজার নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে আমি বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। আশা করি, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজামণ্ডপে কেউ ইভটিজিং কিংবা মাদক সেবনের চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে।