প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৯:০৮ পিএম (ভিজিট : ১২৮)

সংগৃহীত ছবি
যশোর শহরে হামলার শিকার হয়েছেন অভিনেতা সমু চৌধুরী। আহত অবস্থায় তাঁকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে মাথায় চারটি সেলাই দেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার দুপুরে শহরের বেজপাড়া নলডাঙ্গা রোডের নতুন বাজার এলাকায় একটি মোটরসাইকেল গ্যারেজের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন।
সমু চৌধুরী ওই এলাকার প্রয়াত আবুল কাশেম চৌধুরীর ছেলে।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সমু চৌধুরী জানান, দুপুরে বাড়ির সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় স্থানীয় একটি মোটরসাইকেল গ্যারেজের মেকানিক জাহাঙ্গীরের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জাহাঙ্গীর ইট দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। এতে তিনি রক্তাক্ত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এ হামলায় মোটরসাইকেল গ্যারেজের মালিক হৃদয়ও জড়িত বলে অভিযোগ করেছেন সমু চৌধুরী।
তবে গ্যারেজ মালিক হৃদয় দাবি করেছেন, হামলার ঘটনায় তিনি জড়িত নন। যদিও জাহাঙ্গীর এ ঘটনা ঘটিয়েছেন বলে তিনি স্বীকার করেছেন।
অভিনেতার ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও স্থানীয় বাসিন্দারা। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
যশোর কোতোয়ালি থানার ওসি ফারুক হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ জমা পড়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।