কালিয়াকৈরে ঘাটাখালি নদীতে কচুরিপানার বিশাল স্তূপ, জরা জীর্ণ সেতু ঝুঁকিপূর্ণ
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৪:১১ পিএম (ভিজিট : ১১৩)

গাজীপুরের কালিয়াকৈরে কচুরিপানার স্তূপ জমে ঘাটাখালি নদীতে নৌকা চলাচল ব্যাহত হচ্ছে। গত সাত দিন ধরে ঘাটাখালি নদী থেকে তুরাগ নদীতে নৌকা চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে জেলেরা তুরাগ নদীতে মাছ ধরতে যেতে পারছেন না। অপরদিকে স্যালু নৌকা যোগে পণ্য পরিবহনে ব্যবসায়ীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কালিয়াকৈর ফাজিল মাদ্রাসা এলাকায় ঘাটাখালি নদীর উৎস মুখে একটি জরাজীর্ণ সেতুর পিলারে কচুরিপানা আটকে যায়। পরে ধীরে ধীরে সেখানে কচুরিপানার বিশাল স্তূপ তৈরি হয়ে প্রায় ৩০০ মিটার এলাকাজুড়ে বিস্তৃত হয়েছে। ফলে নদীতে নৌকা চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা সেতুটিও কচুরিপানার চাপে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক এ,এইচ, এম ফখরুল হুসাইন জানান, নদীতে আটকে থাকা কচুরিপানা পরিষ্কারের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে।