প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৯:১৩ পিএম (ভিজিট : ১১৬)

সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ ঘটনার জন্য ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করে তিনি বলেছেন, ‘শেইম...’।
মঙ্গলবার (১৩ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ ক্ষোভ প্রকাশ করেন জামায়াত আমির।
পোস্টে ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, পরাজিত ও পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা সুদূর যুক্তরাষ্ট্রেও তাঁর অনুসারীদের সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দিচ্ছেন। অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তাঁর লেলিয়ে দেওয়া ব্যক্তিরা যে অপকর্ম করেছে, তার দায় শেখ হাসিনাকেই নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।
জামায়াত আমির আরও বলেন, এ ঘটনায় সরকারের দ্রুত ও যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত। তাঁর দাবি, দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরও তাদের কর্মকাণ্ডের মাধ্যমে ফ্যাসিবাদী আচরণের প্রমাণ অব্যাহত রয়েছে, যা বিশ্ববাসীর সামনে প্রকাশ পাচ্ছে।