জন্মদিনে লিটনের বিশ্বরেকর্ড, এক টেস্টেই সেঞ্চুরি-হাফসেঞ্চুরি ও ৯ ডিসমিসাল
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৬:৪৮ পিএম (ভিজিট : ১০৪)

সংগৃহীত ছবি
ব্যাট হাতে হাফসেঞ্চুরি ও সেঞ্চুরি করার পর উইকেটের পেছনেও অনন্য কীর্তি গড়েছেন বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটার লিটন দাস। টেস্ট ক্রিকেটের ইতিহাসে একই ম্যাচে হাফসেঞ্চুরি, সেঞ্চুরি এবং উইকেটকিপার হিসেবে ৯টি ডিসমিসালের রেকর্ড গড়েছেন তিনি।
মঙ্গলবার নিজের ৩২তম জন্মদিনে এই কীর্তি গড়েন লিটন। ম্যাচের প্রথম ইনিংসে ৫৩ রান করার পর দ্বিতীয় ইনিংসে খেলেন ১০২ রানের দুর্দান্ত ইনিংস।
এরপর উইকেটকিপার হিসেবে ৯টি ডিসমিসাল পূর্ণ করে নতুন ইতিহাস গড়েন এই বাংলাদেশি ক্রিকেটার। এর আগে একই টেস্টে সেঞ্চুরি, হাফসেঞ্চুরি ও উইকেটকিপার হিসেবে আটটি ডিসমিসালের রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ১৯৬৬ সালে এই কীর্তি গড়েছিলেন তিনি। এবার লিন্ডসকে ছাড়িয়ে নতুন রেকর্ড নিজের করে নিলেন লিটন।
আবুধাবিতে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্টের শেষ দিনে প্রথম সেশনে দীর্ঘ সময় ধরে উইকেট পাচ্ছিল না বাংলাদেশ। এমন পরিস্থিতিতে লাঞ্চ বিরতির ঠিক আগে এবাদত হোসেনের বলে ইকরাম আলিখিলকে ফিরিয়ে স্বস্তি এনে দেন লিটন।
দুর্দান্ত ডাইভ দিয়ে এক হাতে ক্যাচ নিয়ে ৩৩ রান করা ইকরামকে সাজঘরে ফেরান বাংলাদেশের এই উইকেটকিপার-ব্যাটার। আর এই ক্যাচের মধ্য দিয়েই পূর্ণ হয় তাঁর ৯টি ডিসমিসালের রেকর্ড।
জন্মদিনে ব্যাট হাতে সেঞ্চুরি ও হাফসেঞ্চুরি করার পাশাপাশি উইকেটের পেছনে বিশ্বরেকর্ড গড়ে দিনটিকে স্মরণীয় করে রাখলেন লিটন দাস।