প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৬:০৩ পিএম (ভিজিট : ১২২)

সংগৃহীত ছবি
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে আজ শুক্রবার (৯ অক্টোবর) মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টায় শুরু হবে ম্যাচটি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না হলেও আসন্ন টেস্টগুলোর প্রস্তুতি ও নিজেদের সামর্থ্য যাচাইয়ের জন্য ম্যাচটি গুরুত্বপূর্ণ।
সীমিত ওভারের ক্রিকেটে আফগানিস্তান ধারাবাহিক পারফরম্যান্স দেখালেও টেস্টে দলটির অভিজ্ঞতা তুলনামূলক কম। তবে স্পিন আক্রমণে তাদের শক্তি বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে।
বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধন করতে পারেন তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। তিন নম্বরে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে দেখা যেতে পারে। মিডল অর্ডারে থাকবেন অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক ও মুশফিকুর রহিম। উইকেটরক্ষক হিসেবে চোট কাটিয়ে দলে ফিরেছেন লিটন দাস।
একাদশে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের পাশাপাশি স্পিনার তাইজুল ইসলামের থাকার সম্ভাবনা রয়েছে। পেস আক্রমণে দায়িত্ব সামলাতে পারেন হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও এবাদত হোসেন।
অন্যদিকে, রশিদ খানের অনুপস্থিতিতে আফগানিস্তানের নেতৃত্বে থাকতে পারেন রহমত শাহ। দলটির হয়ে জিয়াউর রহমান ও কায়েস আহমেদের মতো ক্রিকেটাররাও চমক দেখাতে পারেন।
মুখোমুখি লড়াইয়ে সমতা
টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে দুবার। এর মধ্যে একটি করে জয় পেয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। ২০১৯ সালে চট্টগ্রামে আফগানিস্তানের কাছে হেরেছিল বাংলাদেশ। তবে ২০২৩ সালে মিরপুরে ৫৪৬ রানের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়ে সেই হারের জবাব দেয় টাইগাররা।
এবারের ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে। সেখানকার প্রচণ্ড গরম ও ভিন্ন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া বাংলাদেশের ক্রিকেটারদের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও এবাদত হোসেন।