প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৭:৫১ পিএম (ভিজিট : ১২৪)

সংগৃহীত ছবি
প্রেক্ষাগৃহে মুক্তির মাত্র এক সপ্তাহের মধ্যেই বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে অজয় দেবগন অভিনীত ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’। মুক্তির প্রথম সাত দিনে বিশ্বব্যাপী সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৩৮৩ কোটি ৬০ লাখ রুপি। এর মধ্য দিয়ে ফ্র্যাঞ্চাইজির আগের দুই কিস্তির সম্মিলিত আয়ের রেকর্ড ছাড়িয়ে যাওয়ার পাশাপাশি অজয় দেবগনের ক্যারিয়ারের সর্বোচ্চ আয়কারী সিনেমা হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মুক্তির সপ্তম দিনে ভারতের ১৫ হাজার ৭৫৮টি প্রদর্শনী থেকে সিনেমাটি নিট ১৩ কোটি রুপি আয় করেছে। এতে দেশটির বাজারে ছবিটির মোট নিট আয় দাঁড়িয়েছে ২৪৫ কোটি ৫০ লাখ রুপি। অন্যদিকে, আন্তর্জাতিক বাজারে সপ্তম দিনে ৪ কোটি রুপি আয়সহ বিদেশে সিনেমাটির মোট সংগ্রহ হয়েছে ৮৯ কোটি রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী এর বক্স অফিস সংগ্রহ দাঁড়িয়েছে ৩৮৩ কোটি ৬০ লাখ রুপি।
মুক্তির প্রথম তিন দিনেও ভালো ব্যবসা করেছে ছবিটি। প্রথম দিনে ৬২ কোটি, দ্বিতীয় দিনে ৫৩ কোটি ৫০ লাখ এবং তৃতীয় দিনে ৬১ কোটি রুপি আয় করে ‘দৃশ্যম ৩’।
ফ্র্যাঞ্চাইজির আগের সিনেমাগুলোর তুলনায়ও এগিয়ে রয়েছে নতুন কিস্তিটি। ‘দৃশ্যম ২’ ভারতের বাজারে মোট ২৪০ কোটি রুপি নিট আয় করেছিল। আর প্রথম ‘দৃশ্যম’-এর আয় ছিল ৬৭ কোটি ১৩ লাখ রুপি।
চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শের মতে, চলতি সপ্তাহে বড় কোনো প্রতিদ্বন্দ্বী সিনেমা মুক্তি না পাওয়ায় ‘দৃশ্যম ৩’-এর ব্যবসায়িক সাফল্যের ধারা অব্যাহত থাকতে পারে। এমনকি ছবিটি অজয় দেবগনের অন্যতম সফল সিনেমা ‘তানহাজি’-এর আয়ের রেকর্ডও ছাড়িয়ে যেতে পারে।
তরণ আদর্শ আরও জানান, সপ্তাহের মাঝামাঝি কর্মদিবসগুলোতে সকালের প্রদর্শনীতে দর্শক উপস্থিতি কিছুটা কম থাকলেও সন্ধ্যার শোগুলোতে ভিড় দেখা গেছে।
প্যানোরামা স্টুডিওজ ও স্টার স্টুডিও১৮-এর যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন অভিষেক পাঠক। এবারের কাহিনি তৈরিতে মালয়ালম মূল সংস্করণের রচয়িতা জিতু জোসেফের পরিবর্তে পরিচালকের নিজস্ব মৌলিক গল্পের ভিত্তিতে চিত্রনাট্য তৈরি করা হয়েছে।
এনডিটিভিতে প্রকাশিত পর্যালোচনায় চলচ্চিত্র সমালোচক শৈবাল চট্টোপাধ্যায় অজয় দেবগন ও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা জয়দীপ আহলাওয়াতের অভিনয়ের প্রশংসা করেছেন। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন টাবু, শ্রিয়া শরণ, রজত কাপুর, প্রকাশ রাজ ও ইশিতা দত্ত।