প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৭:৫৭ পিএম (ভিজিট : ১১৪)

সংগৃহীত ছবি
ফুটপাত দখলমুক্ত করা ও অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগ ঘিরে জামায়াতে ইসলামী ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন সংস্থাটির প্রশাসক শফিকুল ইসলাম খান।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুরে মেট্রোরেলের পিলারে জুলাইয়ের গ্রাফিতি পুনরায় আঁকার কার্যক্রম উদ্বোধন শেষে তিনি এ অভিযোগ করেন।
শফিকুল ইসলাম খান বলেন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন-সংগ্রামে যাঁরা অবদান রেখেছেন, তাঁদের ভূমিকা গ্রাফিতির মাধ্যমে তুলে ধরা হবে। জুলাইয়ের গ্রাফিতি পুনরায় আঁকার উদ্যোগের মাধ্যমে আন্দোলন-সংগ্রামের ইতিহাস ও স্মৃতি সংরক্ষণ করা হবে।
মিরপুরবাসীর সহযোগিতায় ফুটপাত হকারমুক্ত করার কথা উল্লেখ করে ডিএনসিসি প্রশাসক বলেন, বর্তমানে বিভিন্ন ফুটপাত সংস্কারের কাজ চলছে। পর্যায়ক্রমে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন সব ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের চলাচলের উপযোগী করা হবে।
তিনি আরও বলেন, ফুটপাত পুনরায় দখলের চেষ্টা করা হলে নগরবাসীকে সঙ্গে নিয়ে তা প্রতিরোধ করা হবে। নাগরিকদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত রাখার কার্যক্রম অব্যাহত থাকবে।