প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৭:৪৮ পিএম (ভিজিট : ৮৬)

সংগৃহীত ছবি
সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দর লক্ষ্য করে তৃতীয় দফায় হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতিরা। বৃহস্পতিবার (৮ অক্টোবর) এ হামলার দাবি করা হয়। এর কয়েক ঘণ্টা আগে হুতিদের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানিয়েছিল সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।
মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন অনুযায়ী, হুতিদের রাজনৈতিক শাখা আনসারুল্লাহর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, তাঁরা রিয়াদ বিমানবন্দর লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছেন। এ ছাড়া নাজরান শহরের একটি বিমানবন্দর এবং খামিস মুশাইতের একটি বিমানঘাঁটিতেও ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেন তিনি।
এদিকে বার্তা সংস্থা এএফপি সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাতে জানিয়েছে, আগের দিন রিয়াদ বিমানবন্দরে চালানো হামলায় অন্তত একটি উড়োজাহাজ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে হুতিদের হামলার দাবি এবং উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।