প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৫:৫৯ পিএম (ভিজিট : ৪২)

সংগৃহীত ছবি
হরমুজ প্রণালি দিয়ে আবারও জাহাজ চলাচল শুরু হয়েছে এবং গুরুত্বপূর্ণ এই জলপথটি কার্যত উন্মুক্ত রয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার।
মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রিয়ার বলেন, ‘আমরা আবার হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল করতে দেখছি। পাশাপাশি বিভিন্ন দেশ একত্র হয়ে প্রণালিটি এড়িয়ে যাওয়ার বিকল্প পথও তৈরি করছে।’
তিনি বলেন, সময়ের সঙ্গে ইরানের হাতে থাকা অবশিষ্ট চাপ প্রয়োগের সক্ষমতা কমে আসবে।
গ্রিয়ার আরও দাবি করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচিকে পিছিয়ে দিতে সক্ষম হয়েছেন। তাঁর ভাষায়, এটি বিশ্বের জন্য একটি বড় অর্জন।
ইরানের ওপর চাপ বাড়াতে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করছেন বলেও জানান গ্রিয়ার। তাঁর দাবি, এসব নিষেধাজ্ঞা শুধু ইরানের ওপরই নয়, দেশটির সঙ্গে সহযোগিতাকারী তৃতীয় পক্ষের বিরুদ্ধেও দেওয়া হচ্ছে।
তবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কিছুটা বাড়লেও নিরাপত্তাঝুঁকি পুরোপুরি কাটেনি। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে প্রণালিতে ট্যাংকারে হামলার ঘটনা বেড়েছে। একই সময়ে সামগ্রিক জাহাজ চলাচল গত দুই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।