প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৩:৪৫ পিএম (ভিজিট : ১৪০)

সংগৃহীত ছবি
রিভিউ নেওয়ার প্রয়োজন ছিল না তবু অহেতুক রোমাঞ্চে ভেসে একটি রিভিউ নষ্ট করেন নাজমুল হোসেন শান্ত। এর প্রভাবেই হয়তো পরবর্তী সময়ে সঠিক একটি রিভিউ নেওয়ার সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। দুই ঘটনাতেই বোলার ছিলেন হাসান মাহমুদ। তবে শেষ পর্যন্ত হাসানের হাতেই ওপেনিং জুটি ভাঙায় এই ভুল বড় কোনো আক্ষেপের কারণ হয়ে ওঠেনি।
ইনিংসের প্রথম ওভারেই আফগান ওপেনার সেদিকুল্লাহ অতলকে পরাস্ত করেন হাসান। উইকেটের পেছন থেকে জোরালো ক্যাচের আবেদন ওঠে। তবে বোলার হাসানকে খুব একটা আগ্রহী দেখা যায়নি। কিন্তু কোনো একটি শব্দ শুনে স্লিপে দাঁড়িয়ে থাকা শান্ত রিভিউ নেওয়ার সিদ্ধান্ত নেন। রিপ্লেতে দেখা যায়, বল অতলের থাই প্যাডে লেগেছে, ব্যাটের ধারেকাছেও যায়নি।
তৃতীয় ওভারে হাসানের বাইরে বেরিয়ে যাওয়া বলে আবারও পরাস্ত হন অতল। বলটি উইকেটরক্ষক লিটন দাসের গ্লাভসে জমা পড়ে। এবারও জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার আলাউদ্দিন পালেকার। সতীর্থদের সঙ্গে আলোচনা করে রিভিউ না নেওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
কিন্তু পরে রিপ্লে দেখে নিজের সিদ্ধান্তে হতাশ হতে দেখা যায় শান্তকে। কারণ, বলটি অতলের ব্যাটে লেগেই লিটনের গ্লাভসে জমা হয়েছিল। তবে একই সঙ্গে বল ব্যাট ও প্যাডে লাগায় বিভ্রান্ত হয়ে থাকতে পারে বাংলাদেশ দল।
এভাবেই ৪ রানে জীবন পেয়ে যান আফগানিস্তানের এই ওপেনার। যদিও সেই সুযোগ কাজে লাগিয়ে বড় ইনিংস খেলতে পারেননি তিনি। ৩১ বলে ১৭ রান করে হাসান মাহমুদের বলেই বিদায় নেন অতল। এবার স্লিপে ক্যাচটি জমা পড়ে শান্তর হাতেই। ৩০ রানে প্রথম উইকেট হারায় আফগানিস্তান।
বাংলাদেশের করা ৩৪৬ রানের জবাবে দ্বিতীয় দিনের লাঞ্চ বিরতির আগে ১ উইকেট হারিয়ে ৩৪ রান সংগ্রহ করেছে আফগানিস্তান।