প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৯:০৭ পিএম (ভিজিট : ৬২)

সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন পেতে ৭০ জন নারী প্রার্থী ফরম সংগ্রহ করেছেন।
শুক্রবার (১৬ অক্টোবর) দিনভর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে এসব মনোনয়ন ফরম বিতরণ করা হয়।
দলীয় কার্যালয় সূত্রে জানা গেছে, সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে ফরম বিতরণ করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে মোট ৭০টি ফরম বিক্রি হয়েছে।
সংগ্রহ করা মনোনয়ন ফরম পূরণ করে শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিতে প্রার্থীদের নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে বুধবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে মনোনয়ন ফরম বিতরণ ও জমা দেওয়ার সময়সূচি জানানো হয়। এতে আগ্রহী নারী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ফরম সংগ্রহ ও জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছিল।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচন অনুষ্ঠিত হবে।