প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৮:০২ পিএম (ভিজিট : ১৫১)

সংগৃহীত ছবি
২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় রাজধানীর মিরপুর-১০ গোলচত্বরে স্কুলছাত্র মাহফুজুর রহমান হত্যার মামলায় মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম আরিফুল ইসলাম তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল ওহিদ গত ১৩ অক্টোবর নাসির উদ্দিন সাথীকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। সেদিন আদালত শুনানির জন্য বৃহস্পতিবার দিন নির্ধারণ করেন। নির্ধারিত দিনে তাকে আদালতে হাজির করা হলে উভয় পক্ষের আইনজীবীরা শুনানিতে অংশ নেন।
রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর মো. কামরুজ্জামান স্বপন গ্রেপ্তার দেখানোর পক্ষে যুক্তি তুলে ধরেন। তিনি আদালতকে বলেন, নাসির উদ্দিন সাথী মাই টিভির চেয়ারম্যান এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। আন্দোলনের সময় তার টেলিভিশন চ্যানেলে আন্দোলনসংক্রান্ত খবর প্রচার না করে অন্য বিষয় তুলে ধরা হয়েছিল। তদন্তে এ ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে দাবি করেন তিনি। এ কারণে তাকে মামলাটিতে গ্রেপ্তার দেখানোর আবেদন জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।
অন্যদিকে, নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার না দেখানোর পক্ষে শুনানি করেন ঢাকা বারের সভাপতি আনোয়ার জাহিদ ভূঁইয়া। তিনি বলেন, সাথী গত বছরের আগস্ট থেকে কারাগারে রয়েছেন এবং এক বছরের বেশি সময় ধরে বন্দি আছেন। এত দিনেও তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর উদ্যোগ নেওয়া হয়নি বলে দাবি করেন তিনি। আওয়ামী লীগে সাথীর কোনো পদ-পদবি নেই উল্লেখ করে তার অসুস্থতার বিষয়টিও আদালতের সামনে তুলে ধরেন আইনজীবী।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুর-১০ গোলচত্বরে আন্দোলনে অংশ নেয় আলহাজ আব্বাস উদ্দিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মাহফুজুর রহমান। ওই দিন দুপুরের দিকে গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু হয়।
এ ঘটনায় ২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়।
পরে ২০২৫ সালের ১৭ আগস্ট রাজধানীর গুলশান এলাকা থেকে নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করে পুলিশ। তার আইনজীবী সোহরাব হোসেন রুবেলের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত পাঁচটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।