প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৬:৩৭ পিএম (ভিজিট : ১৪০)

সংগৃহীত ছবি
কৃষিকে লাভজনক পেশা হিসেবে গড়ে তুলতে কৃষকদের হাতে সরাসরি প্রণোদনা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কৃষিতে লাভ না থাকায় অনেকেই এ পেশা ছেড়ে দিচ্ছেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে গাজীপুরে কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, উৎপাদিত ফসলের ন্যায্য দাম পান না কৃষক। অন্যদিকে বেশি দামে বীজ কিনতে হয় তাঁদের। ফলে উৎপাদন খরচের ঘাটতি পুষিয়ে ওঠা কৃষকদের জন্য কঠিন হয়ে পড়ছে।
কৃষির বিভিন্ন সমস্যা সমাধানে গবেষণার ওপর জোর দিয়ে তিনি বলেন, এ ক্ষেত্রে কৃষিবিজ্ঞানীদের সুযোগ-সুবিধা বাড়াতে হবে। প্রয়োজনে আইন পরিবর্তন করে হলেও তাঁদের পেনশনের ব্যবস্থা করতে হবে।
এ ছাড়া ফল ও সবজি দীর্ঘদিন সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ নির্মাণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন রাষ্ট্রপতি। এ খাতে বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, দীর্ঘ ফ্যাসিবাদী শাসনামলে বিভিন্ন প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং স্বেচ্ছাচারিতা ও দুর্নীতি ছড়িয়ে পড়েছে। এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসার সুযোগ এখন তৈরি হয়েছে। সবাই ধৈর্য ধরে ধাপে ধাপে এগিয়ে গেলে সফলতা অর্জন সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।