প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৬:৩৪ পিএম (ভিজিট : ১০৬)

সংগৃহীত ছবি
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেওয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে মুম্বাই পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশের পাঠানো নোটিশে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ইমরান খানকে ভারত ছাড়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, ইমরান খান ভারতের স্থায়ী নাগরিক নন। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক এবং তাঁর কাছে ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ড রয়েছে।
গত ১০ অক্টোবর মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আয়োজিত এক বিক্ষোভে অংশ নেন অভিনেতা ইমরান খান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সঙ্গী অভিনেত্রী লেখা ওয়াশিংটন ও মামাতো বোন জেন মেরি খান।
বিক্ষোভ চলাকালে পুলিশ তাঁদের তিনজনকে আটক করে। পরে অবশ্য তাঁদের ছেড়ে দেওয়া হয়।
মুম্বাই পুলিশের দাবি, ভারতের নাগরিক না হয়েও রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ায় অভিবাসন আইনের সংশ্লিষ্ট বিধান অনুযায়ী ইমরান খানের বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।