প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১২:৩৮ পিএম (ভিজিট : ১৬৫)

সংগৃহীত ছবি
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের অব্যাহত হামলার মুখে সৌদি আরবের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। একই সঙ্গে সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকারও করেছেন তিনি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সৌদি যুবরাজ ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে এক ফোনালাপে এ প্রতিশ্রুতি দেন এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্টের দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, সৌদি ভূখণ্ডে হুথিদের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট। পাশাপাশি সৌদি যুবরাজকে আশ্বস্ত করে তিনি বলেন, রিয়াদ দৃঢ় পদক্ষেপের মাধ্যমে চলমান সংকট ও নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবে বলে তিনি বিশ্বাস করেন।
হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রেক্ষাপটে সৌদি আরবের প্রতি আঙ্কারার এই সমর্থন দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার ইঙ্গিত দিচ্ছে।
উল্লেখ্য, গত আগস্টে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে একটি ত্রিপক্ষীয় যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়, যা ‘মক্কা প্রতিরক্ষা জোট’ নামে পরিচিত। চুক্তির মূল শর্ত অনুযায়ী, জোটের কোনো একটি সদস্য রাষ্ট্রের ওপর হামলাকে পুরো জোটের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।
ন্যাটো সদস্য তুরস্ক ও পারমাণবিক সক্ষমতাসম্পন্ন পাকিস্তানের সঙ্গে এই চুক্তির মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তা ও সম্মিলিত সামরিক প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে চায় সৌদি আরব।