শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬ ● ৩০ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: এফবিসিসিআই প্রশাসক ফজলুল হকের নিয়োগ নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত   মাহফুজ হত্যা মামলা: মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার দেখানোর আদেশ আদালতের   মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী নিয়োগে সম্মতি, তালিকাভুক্ত হচ্ছে ৩৩৮ এজেন্সি   সাবেক সংসদ সদস্য আবদুল হাইয়ের কফিনে রাষ্ট্রপতি ও ও প্রধানমন্ত্রীর পুস্পস্তবক অপর্ণ করে শ্রদ্ধা    মক্কার মসজিদে অনৈতিক কাজের অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর   কৃষিকে লাভজনক করতে কৃষকের হাতে প্রণোদনা পৌঁছানোর তাগিদ রাষ্ট্রপতির   রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নির্দেশ বলিউড অভিনেতা ইমরান খানকে   
সংখ্যালঘুদের সমস্যা সমাধানে বাংলাদেশের পদক্ষেপ প্রত্যাশা করে ভারত
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৯:৪৩ এএম   (ভিজিট : ১৪৯)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা, হত্যা এবং সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগ নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে ভারত। এসব সমস্যার সমাধানে বাংলাদেশ নিজেই প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে প্রত্যাশা করছে দেশটি।

বুধবার (১৪ অক্টোবর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের একটি বিবৃতির প্রসঙ্গ তুলে ধরেন। ওই বিবৃতিতে দুর্গাপূজা উদ্‌যাপনকে কেন্দ্র করে গত তিন মাসে বিভিন্ন সহিংসতার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে। সাংবাদিকের ভাষ্য অনুযায়ী, বিবৃতিতে ১৪১টি ঘটনার উল্লেখ রয়েছে।

এসব ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি ও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার ধারাবাহিক চেষ্টা চলছে বলে সংগঠনটির অভিযোগও তুলে ধরেন ওই সাংবাদিক। এ বিষয়ে ভারতের অবস্থান জানতে চাইলে রণধীর জয়সওয়াল বলেন, “আমাদের প্রত্যাশা, বাংলাদেশ এসব বিষয় সমাধানে পদক্ষেপ নেবে।”

এর আগে বুধবার ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথের পাঠানো এক বিবৃতিতে সারা দেশে কঠোর নিরাপত্তার মধ্যে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা আয়োজনের ঘটনাকে ‘দুঃখজনক ও দুর্ভাগ্যজনক’ বলে উল্লেখ করা হয়।

বিবৃতিতে সাম্প্রদায়িক দুর্বৃত্তদের তৎপরতা বাড়ছে দাবি করে গত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসের বিভিন্ন ঘটনার পরিসংখ্যান তুলে ধরে সংগঠনটি।

ঐক্য পরিষদের তথ্য অনুযায়ী, ওই সময়ে হত্যার ঘটনা ঘটেছে ১৬টি, ধর্ষণ ও শ্লীলতাহানির ঘটনা চারটি এবং মন্দিরে হামলা, লুটপাট, জায়গা দখল ও প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে ৩৬টি।

এ ছাড়া কথিত ধর্ম অবমাননার অভিযোগে ছয়জনকে আটক করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সম্প্রদায়ের ওপর হামলার সাতটি ঘটনা, বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, লুটপাট ও ভাঙচুরের ১১টি ঘটনা এবং হামলা, ছিনতাই, ডাকাতি ও মারধরের ২৬টি ঘটনার কথাও জানানো হয়।

সংগঠনটির হিসাবে, জমি ও সম্পত্তি দখলের ঘটনা ১৪টি, অপহরণ, হত্যার হুমকি ও হয়রানির ঘটনা তিনটি এবং চাঁদাবাজির ঘটনা চারটি। এ ছাড়া অন্যান্য ধরনের ১৪টি ঘটনার কথাও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

বিমসটেক সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়েও প্রশ্ন

এদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পরিবর্তে স্বরাষ্ট্রসচিবের অংশগ্রহণ নিয়েও প্রশ্ন তোলা হয়।

এক সাংবাদিক বলেন, মঙ্গলবার (১৩ অক্টোবর) দিল্লিতে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের অংশ নেওয়ার কথা থাকলেও তাঁর পরিবর্তে স্বরাষ্ট্রসচিব অংশ নেন। বাংলাদেশ থেকে যথাযথ পর্যায়ে প্রতিনিধিত্ব না করার ঘটনা এটি দ্বিতীয়বার বলেও মন্তব্য করেন তিনি। এ প্রসঙ্গে ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে আমন্ত্রণ জানানোর বিষয়টিও উল্লেখ করেন ওই সাংবাদিক।

জবাবে রণধীর জয়সওয়াল বলেন, বিমসটেকের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সংলাপ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর আয়োজনে অনুষ্ঠিত ওই সংলাপে বিমসটেকের সব সদস্যদেশ অংশ নেয়। বৈঠক শেষে দিল্লি ঘোষণাপত্র গৃহীত হয়েছে।

তিনি আরও বলেন, সন্ত্রাসবাদ, মাদক ও অর্থপাচার প্রতিরোধসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে বিমসটেকের সদস্যদেশগুলো অঙ্গীকারবদ্ধ হয়েছে। পাশাপাশি সহযোগিতা সম্প্রসারণের কয়েকটি ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে।

জয়সওয়াল আশা প্রকাশ করেন, এই উদ্বোধনী সংলাপের মাধ্যমে সদস্যদেশগুলোর মধ্যে নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার হবে। বাংলাদেশসহ বিমসটেকের অন্যান্য সদস্যদেশের প্রতিনিধিরাও বৈঠকে অংশ নিয়েছেন বলে জানান তিনি।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]