প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১২:১৯ পিএম (ভিজিট : ২৩৭)

সংগৃহীত ছবি
আর্থিক সংকট কাটিয়ে উঠতে ন্যাশনাল ব্যাংককে ১০ হাজার কোটি টাকার তারল্য সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক ঋণ হিসেবে এ অর্থ দেবে, আর ঋণের গ্যারান্টি দেবে বাংলাদেশ ব্যাংক। কয়েক ধাপে এই অর্থ ছাড় করা হবে। সহায়তার বড় অংশ আমানতকারীদের পাওনা পরিশোধে ব্যয় করার পরিকল্পনা রয়েছে।
সোমবার (১২ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, আর্থিক সংকট মোকাবিলায় বাংলাদেশ ব্যাংকের কাছে ২০ হাজার কোটি টাকা সহায়তা চেয়েছিল ন্যাশনাল ব্যাংক। তবে শেষ পর্যন্ত ১০ হাজার কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক সরাসরি অর্থ না দিয়ে ঋণের জামিনদার হিসেবে দায়িত্ব পালন করবে।
সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী, অতীতের অনিয়ম ও আর্থিক দুরবস্থার কারণে সংকটে পড়া ন্যাশনাল ব্যাংককে পুনরুদ্ধারের সুযোগ দিতে চায় বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি ব্যাংকটির চেয়ারম্যান অধ্যাপক মেলিতা মেহজাবীন ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই বৈঠকে ১৫ অক্টোবর থেকে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার নির্দেশনা দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এদিকে আমানতকারীদের অর্থ ফেরত দিতে প্রস্তুতি শুরু করেছে ন্যাশনাল ব্যাংক। গত রোববার (১১ অক্টোবর) থেকে টাকা উত্তোলনের আবেদন নেওয়া হচ্ছে, যা চলবে বুধবার (১৪ অক্টোবর) পর্যন্ত। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) থেকে গ্রাহকেরা টাকা তুলতে পারবেন বলে জানানো হয়েছে।
ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক মেলিতা মেহজাবীন জানান, ১৫ অক্টোবর থেকে ব্যাংকটির সব শাখা ও এটিএম চালু করা হবে। বর্তমানে সব শাখায় আমানতকারীদের টাকা উত্তোলনের চাহিদা নেওয়া হচ্ছে। আগামী ২০ অক্টোবর থেকে আবেদন না করলেও সব গ্রাহক টাকা ফেরত পাবেন বলে জানান তিনি।
মেলিতা মেহজাবীন আরও বলেন, অনেক আমানতকারী আপাতত টাকা তুলতে আগ্রহী নন। এ কারণে টাকা উত্তোলনের আবেদনও তুলনামূলক কম জমা পড়েছে। ব্যাংকটি স্বাভাবিক কার্যক্রমে ফেরার প্রস্তুতি নিচ্ছে।
তিনি বলেন, নিজস্ব তহবিল থেকে গ্রাহকদের চাহিদা পূরণ করা সম্ভব হলে বাংলাদেশ ব্যাংকের সহায়তা নেওয়ার প্রয়োজন হবে না। আবেদন অনুযায়ী নগদ অর্থের ব্যবস্থা করা হচ্ছে। তবে প্রয়োজন দেখা দিলে বাংলাদেশ ব্যাংক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে বলেও জানান তিনি।