প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৭:৩৯ পিএম (ভিজিট : ১৮০)

সংগৃহীত ছবি
সৌদি আরবের পবিত্র নগরী মক্কার একটি মসজিদে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। গত ১৪ অক্টোবর মক্কা অঞ্চলে তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের বিবৃতিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির নাম নাজেরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতার বলে উল্লেখ করা হয়েছে। মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁদের দোষী সাব্যস্ত করা হয়েছিল।
বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা বাহিনী তাঁদের আটক করার পর তদন্ত শুরু করে। তদন্ত শেষে আনুষ্ঠানিক অভিযোগ আনা হলে মামলাটি সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়। আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁদের দোষী সাব্যস্ত করা হয়।
সৌদি কর্তৃপক্ষ জানায়, অপরাধের গুরুতর প্রকৃতি এবং পবিত্র স্থান ও সময়ের মর্যাদা লঙ্ঘনের বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত তাঁদের মৃত্যুদণ্ড দেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে রায় বহাল থাকার পর মৃত্যুদণ্ড কার্যকরের রাজকীয় আদেশ জারি করা হয়।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, দেশটির সরকার নিরাপত্তা বজায় রাখা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ইসলামী আইন কার্যকরে প্রতিশ্রুতিবদ্ধ। মসজিদের পবিত্রতা লঙ্ঘনসহ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে মন্ত্রণালয়।