প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৬:১৫ পিএম (ভিজিট : ৯৬)

সংগৃহীত ছবি
চাকরির প্রলোভন দেখিয়ে রাশিয়ায় নিয়ে ইউক্রেন যুদ্ধে পাঠানোর ঘটনায় ২০ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনায় মানবপাচার চক্রের মূলহোতা মিজানসহ দুজনকে গ্রেপ্তার করেছে এসআরবি।
বুধবার এসআরবি জানায়, জাবালে নূর, এসআর ও টিএস নামের তিনটি প্রতিষ্ঠানের মাধ্যমে ৩০ বাংলাদেশিকে রাশিয়ায় নেওয়া হয়। সেখানে চাকরির পরিবর্তে তাঁদের ২১ দিনের প্রশিক্ষণ দিয়ে যুদ্ধে পাঠানো হয়। তাঁদের মধ্যে ২০ জনের মৃত্যু হয়েছে। বাকি ছয়জন এখনো যুদ্ধক্ষেত্রে রয়েছেন। অপর দুজন গুরুতর আহত অবস্থায় মস্কোর একটি হাসপাতালে চিকিৎসাধীন।
উচ্চ বেতনে চাকরির আশ্বাস দিয়ে রাশিয়ায় নিয়ে যুদ্ধক্ষেত্রে পাঠানোর এ চক্র দীর্ঘদিন ধরে সক্রিয় বলে জানা গেছে। ভুয়া এজেন্ট ও মানবপাচারকারীদের প্রলোভনে পড়ে অনেক বাংলাদেশি রাশিয়ায় গিয়ে বিপজ্জনক পরিস্থিতির মুখে পড়ছেন।
অভিযোগ রয়েছে, রাশিয়ায় পৌঁছানোর পর সাধারণ চাকরির পরিবর্তে বাংলাদেশিদের দিয়ে জোরপূর্বক সামরিক চুক্তিতে স্বাক্ষর করানো হয়। পরে তাঁদের সামরিক প্রশিক্ষণ দিয়ে ইউক্রেন যুদ্ধে পাঠানো হয়।
এসআরবি-১০-এর অধিনায়ক মো. আসাদুজ্জামান বলেন, জাবালে নূর, এসআর ও টিএস নামের তিনটি প্রতিষ্ঠানের মাধ্যমে ৩০ বাংলাদেশি রাশিয়ায় গিয়েছিলেন। তবে তাঁরা প্রতিশ্রুত চাকরি পাননি। ২১ দিনের প্রশিক্ষণ শেষে তাঁদের যুদ্ধে পাঠানো হয়। তাঁদের মধ্যে ২০ জন মারা গেছেন।
এসআরবি আরও জানায়, যুদ্ধক্ষেত্রে থাকা ছয় বাংলাদেশি এখনো দেশে ফিরতে পারেননি। অন্যদিকে গুরুতর আহত দুজন মস্কোর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বাহিনীটির দাবি, দেশে ফেরার জন্য বারবার আকুতি জানালেও মানবপাচারকারীরা তাঁদের সেই আবেদনে সাড়া দেয়নি। এ ঘটনায় গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে চক্রের অন্য সদস্যদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানা গেছে।