প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৬:২৯ পিএম (ভিজিট : ১১৭)

সংগৃহীত ছবি
সাবেক উপমন্ত্রী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও পাঁচবারের সাবেক সংসদ সদস্য আব্দুল হাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় তারেক রহমান বলেন, আব্দুল হাই ছিলেন একজন নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ এবং গণতন্ত্রের প্রতি অবিচল আস্থাশীল জাতীয়তাবাদী আদর্শের পরীক্ষিত সৈনিক। বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী ও সুসংগঠিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, তৃণমূল পর্যায়ে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং জনগণের সঙ্গে দলের সম্পর্ক সুদৃঢ় করতে আব্দুল হাইয়ের অবদান স্মরণীয় হয়ে থাকবে।
বিএনপির রাজনীতিতে তাঁর অবদানের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, স্বৈরাচার ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে আব্দুল হাই ছিলেন রাজপথের অন্যতম বিশ্বস্ত সৈনিক। গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাঁর দৃঢ় অবস্থান ও রাজনৈতিক অবদান দলের নেতাকর্মীদের অনুপ্রেরণা জোগাবে।
তিনি বলেন, আব্দুল হাইয়ের মৃত্যুতে বিএনপি একজন অভিজ্ঞ, ত্যাগী ও আদর্শনিষ্ঠ নেতাকে হারিয়েছে। তাঁর মৃত্যু জাতীয়তাবাদী রাজনীতির জন্য অপূরণীয় ক্ষতি।
মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মো. আব্দুল হাই বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।