প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১২:৫৬ পিএম (ভিজিট : ৫৬)

সংগৃহীত ছবি
সরকারি বাসা বা ফ্ল্যাট অন্যের কাছে ভাড়া কিংবা সাবলেট দেওয়া থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে সরকারি আবাসন পরিদপ্তর। একই সঙ্গে আগে থেকে ভাড়া বা সাবলেট দেওয়া বাসা থেকে আগামী ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া বা সাবলেট গ্রহীতাকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ নির্দেশ অমান্য করলে বরাদ্দ বাতিলসহ বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক মো. জাহিরুল ইসলাম খানের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি পরিদর্শনে দেখা গেছে, সরকারি বাসা বা ফ্ল্যাট বরাদ্দ পাওয়া কয়েকজন ব্যক্তি সেগুলোর এক বা একাধিক কক্ষ কিংবা পুরো বাসা অন্যের কাছে ভাড়া বা সাবলেট দিয়েছেন। এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২ এর পরিপন্থী।
এতে আরও বলা হয়, যারা ইতোমধ্যে বাসা বা ফ্ল্যাটের কোনো অংশ কিংবা পুরোটা ভাড়া বা সাবলেট দিয়েছেন, তাদের ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া বা সাবলেট গ্রহীতাকে সরিয়ে দিতে হবে। পাশাপাশি বরাদ্দ পাওয়া বাসায় নিজেকে বসবাস করতে হবে।
নির্দেশনায় সতর্ক করে বলা হয়েছে, নির্ধারিত সময়ের পর কোনো সরকারি বাসা বা ফ্ল্যাট ভাড়া কিংবা সাবলেট দেওয়ার প্রমাণ পাওয়া গেলে বিধি অনুযায়ী কোনো ধরনের নোটিশ ছাড়াই বরাদ্দ বাতিল করা হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।
গণবিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ বরাদ্দ বিধিমালার ১৪(৩) বিধি অনুযায়ী, সংশ্লিষ্ট বরাদ্দগ্রহীতার দপ্তরপ্রধান ও নিয়োগকারী কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে। একই সঙ্গে ওই কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হবে।