প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১২:২০ পিএম (ভিজিট : ৩৬)

সংগৃহীত ছবি
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগসংক্রান্ত মামলায় জালিয়াতির মাধ্যমে রায় আদায়ের অভিযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী ছিদ্দিক উল্লাহ মিয়াকে ঢাকা ছাড়তে নিষেধ করেছেন আপিল বিভাগ। এ বিষয়ে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাঁকে ঢাকায় অবস্থান করতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ চেয়ে করা একটি রিট মামলায় রুল জারির পর যথাযথ শুনানি ছাড়াই রায় নেওয়ার জালিয়াতির ঘটনা ধরা পড়েছে বলে জানান অ্যাটর্নি জেনারেল। এ ঘটনায় আপিল বিভাগ প্রয়োজনে তৎকালীন হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দারের বেঞ্চের দেওয়া সব রায় পুনর্বিবেচনার (রিভিউ) কথা জানান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৩ সালের অক্টোবর মাসে বিচারপতি নাইমা হায়দারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে একাধিক মামলায় যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করেই রায় আদায়ের অভিযোগ ওঠে আইনজীবী ছিদ্দিক উল্লাহ মিয়ার বিরুদ্ধে।
পরবর্তী সময়ে রাষ্ট্রপক্ষ এসব রায়ের বিরুদ্ধে আপিল করলে শুনানি ছাড়াই রায় নেওয়ার বিষয়টি সামনে আসে। এর পরিপ্রেক্ষিতেই আপিল বিভাগ আইনজীবী ছিদ্দিক উল্লাহ মিয়াকে ঢাকা ত্যাগ না করার নির্দেশ দেন।