শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬ ● ১৪ কার্তিক ১৪৩৩

শিরোনাম: প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম   বিএনপির দুই সাবেক সংসদ সদস্যের কবর জিয়ারত করলেন নড়াইলের সাংবাদিক ও বিএনপি নেতৃবৃন্দ   ‘‘আমার ছেলে সাঁতার জানত, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’ : তাহসিফের বাবা   ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, আটক ৪   ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, ৭৯ রানেই ৬ উইকেটের পতন   ধাওয়ার মুখে তাহসিফ নদে ঝাঁপ দেন, আমি পালিয়ে আসি: দীপ   জুমার দিনের বিশেষ ফজিলত    
ধাওয়ার মুখে তাহসিফ নদে ঝাঁপ দেন, আমি পালিয়ে আসি: দীপ
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৪:১১ পিএম   (ভিজিট : ১০৩)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর তুরাগ নদের রাজবাড়ী ঘাট এলাকায় বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফের মরদেহ উদ্ধারের স্থান থেকে প্রায় ৫০ গজ দূরে একটি মোটরসাইকেল পাওয়া গেছে। এ ঘটনায় হেফাজতে নেওয়া তাহসিফের ‘বন্ধুস্থানীয় ছোট ভাই’ আহমেদ শাহরিয়ার রেজা দীপ জিজ্ঞাসাবাদে দাবি করেছেন, ঘটনার দিন কিছু লোকের ধাওয়ার মুখে তাহসিফ নদে ঝাঁপ দেন। আর তিনি সেখান থেকে পালিয়ে আসেন।

বৃহস্পতিবার রাতে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সংস্থাটি জানিয়েছে, মরদেহ উদ্ধারের স্থান থেকে প্রায় ৫০ গজ দূরে মোটরসাইকেলটি পাওয়া যায়।

পিবিআই কর্মকর্তাদের ধারণা, রাজবাড়ী ঘাট এলাকাটি মাদক কারবারিদের পরিচিত আস্তানা। মাদক কারবারিদের ধাওয়ার মুখে তাহসিফ নদে পড়ে ডুবে যেতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শুক্রবার সকালে পিবিআই সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার বিশেষ পুলিশ সুপার মো. আবু ইউসুফ বলেন, উদ্ধার করা মোটরসাইকেলটি তাহসিফের কি না, তা যাচাই করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে এটি তাহসিফের মোটরসাইকেল বলে ধারণা করা হচ্ছে। মোটরসাইকেলটি রাজধানীর উত্তরখান থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় তদন্তে নৌ পুলিশকে সহায়তা করছে পিবিআই।

পিবিআইয়ের একাধিক পুলিশ সুপার জানান, দীপকে নিয়ে বৃহস্পতিবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। জিজ্ঞাসাবাদে দীপ বলেছেন, তাঁরা ঘটনাস্থলে কথা বলছিলেন। এ সময় কয়েকজন তাঁদের ধাওয়া করেন। তখন তাহসিফ নদে ঝাঁপ দেন এবং তিনি পালিয়ে যান।

দীপের দাবি, যাঁরা তাঁদের ধাওয়া করেছিলেন, তাঁরা পুলিশের লোক ছিলেন। জিজ্ঞাসাবাদে পাওয়া এ তথ্যসহ অন্যান্য বিষয় যাচাই-বাছাই করছে পিবিআই।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর উত্তরার বাসা থেকে বের হন তাহসিফ। ওই দিন দিবাগত রাত ১টা ৩৫ মিনিটে মাকে মুঠোফোনে ভয়েস মেসেজ পাঠিয়ে বাসায় ফেরার কথা জানান তিনি। তবে এরপর আর বাসায় ফেরেননি। পরদিন বুধবার বিকেলে উত্তরখান থানা এলাকার রাজবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।

বাসা থেকে বের হওয়ার সময় তাহসিফ নিজের মোটরসাইকেলটি সঙ্গে নিয়েছিলেন। মরদেহ উদ্ধারের পর থেকে সেটির কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না বলে জানিয়েছিল পরিবার। পরে রাজবাড়ী ঘাটের কাছাকাছি টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করে পিবিআই।

তাহসিফ নিখোঁজ হওয়ার আগে একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজে তাঁকে এক ব্যক্তির সঙ্গে দেখা যায়। পরিবারের সদস্যরা ওই ব্যক্তিকে দীপ হিসেবে শনাক্ত করেন। তাহসিফের মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে দীপকে হেফাজতে নেয় পিবিআই।








  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]