প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১২:৪৩ পিএম (ভিজিট : ৬৭)

সংগৃহীত ছবি
পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি রিজিয়নের বাঘাইহাট সেনা ক্যাম্প পরিদর্শন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এ সময় তিনি সেখানে মোতায়েন সেনাসদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের দায়িত্ব পালন ও সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুর্গম পার্বত্য অঞ্চলের বিভিন্ন সেনা ক্যাম্প পরিদর্শনের অংশ হিসেবে খাগড়াছড়ি রিজিয়নে যান সেনাপ্রধান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
পরিদর্শনকালে প্রতিকূল পরিবেশ ও সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও পার্বত্য অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখতে সেনাসদস্যদের নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের প্রশংসা করেন জেনারেল ওয়াকার-উজ-জামান।
একই সঙ্গে তিনি সর্বোচ্চ পেশাদারত্ব, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশ দেন।
সেনাপ্রধানের এ পরিদর্শনে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ, ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও চট্টগ্রাম এরিয়ার এরিয়া কমান্ডার উপস্থিত ছিলেন। এ ছাড়া সেনাসদর ও সংশ্লিষ্ট এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরাও উপস্থিত ছিলেন।