প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৯:১৯ পিএম (ভিজিট : ৭৬)

সংগৃহীত ছবি
ইসলাম শান্তি, সম্প্রীতি ও কল্যাণের ধর্ম উল্লেখ করে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সঠিকভাবে ইসলামের প্রচার ও চর্চা হলে তা সমাজ ও দেশের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে। পীর-মাশায়েখ ও আলেম-ওলামারা দীর্ঘদিন ধরে ইসলামের প্রসার এবং মানুষের নৈতিক ও ধর্মীয় শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। অন্যায়, বিভাজন ও ধর্মের অপব্যবহারের বিরুদ্ধে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের ৩০ সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনটির সভাপতি ও দৈনিক ইনকিলাবের সম্পাদক।
প্রতিনিধিদলের সদস্যদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, সঠিক ইসলাম প্রচারের মাধ্যমে তারা ঐতিহাসিক দায়িত্ব পালন করেছেন। যারা ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করে, তাদের থেকে সংগঠনের নেতারা দূরে থেকেছেন। বরং এ ধরনের অপচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। দেশের মাদরাসা শিক্ষা, ধর্মীয় মূল্যবোধের প্রসার এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় আলেম-ওলামাদের ভূমিকা গুরুত্বপূর্ণ।
রাষ্ট্রপতি আরও বলেন, বর্তমান সময়ে পারস্পরিক ঐক্য ও সংহতি অত্যন্ত জরুরি। বিশেষ করে মুসলিম বিশ্বের মধ্যে ঐক্য ও সহযোগিতা বাড়ানো গেলে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা সহজ হবে। দেশকে সুন্দরভাবে এগিয়ে নিতে আলেম-ওলামাসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতাও কামনা করেন তিনি।
সাক্ষাৎকালে প্রতিনিধিদলের পক্ষ থেকে বিভিন্ন দাবি তুলে ধরা হলে রাষ্ট্রপতি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। পাশাপাশি বিষয়গুলো বিবেচনা করে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি।
প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সিনিয়র সহসভাপতি মাওলানা কবি রূহুল আমীন খান, মহাসচিব মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী, উপদেষ্টা মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী এবং সহসভাপতি আলহাজ মাওলানা সৈয়দ আবু নোমান মুহাম্মদ মাহবুবুর রহমানসহ অন্য নেতারা।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।