প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১২:৫৬ পিএম (ভিজিট : ৯৪)

সংগৃহীত ছবি
দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বাড়াতে চট্টগ্রামে যৌথ সামরিক মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও বাংলাদেশ কোস্টগার্ড। ‘গার্ডিয়ান শার্ক’ নামের এ মহড়া আগামী ২৫ নভেম্বর পর্যন্ত চলবে। এতে খরস্রোতা পানিতে উদ্ধার অভিযান পরিচালনা ও জরুরি চিকিৎসাসেবা দেওয়ার প্রশিক্ষণে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
সোমবার (২ নভেম্বর) ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত মুখপাত্র মারা বার্ডের দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, জরুরি পরিস্থিতি ও সংকট মোকাবিলায় দুই বাহিনীর প্রস্তুতি আরও জোরদার করা এ মহড়ার অন্যতম লক্ষ্য। পাশাপাশি যৌথভাবে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে অভিন্ন কৌশল গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
মহড়ায় অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা ও কার্যকর পদ্ধতি বিনিময়ের পাশাপাশি বাস্তব পরিস্থিতির আদলে তৈরি বিভিন্ন অনুশীলনে অংশ নেবেন।
এর ফলে বন্যা, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে মানুষের জীবন রক্ষায় দুই বাহিনীর দক্ষতা ও সক্ষমতা বাড়বে বলে আশা প্রকাশ করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ‘গার্ডিয়ান শার্ক’ মহড়া আঞ্চলিক নিরাপত্তার অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করার বিষয়ে যুক্তরাষ্ট্রের অঙ্গীকারের প্রতিফলন।
এ ধরনের যৌথ মহড়ার মাধ্যমে দুই দেশের সহযোগিতা আরও গভীর হচ্ছে। একই সঙ্গে একটি মুক্ত, অবাধ, নিরাপদ ও সমৃদ্ধ অঞ্চল গড়ে তোলার ক্ষেত্রে দুই দেশের অভিন্ন অঙ্গীকারও আরও সুদৃঢ় হচ্ছে।