প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৬:৩৮ পিএম (ভিজিট : ১৪৩)

সংগৃহীত ছবি
আগামী চার দিন দেশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবরে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।
মঙ্গলবার (৩ নভেম্বর) এক বার্তায় এ আহ্বান জানায় সংস্থাটি।
এর আগে গত ১ নভেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে পেট্রোবাংলা জানায়, জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত দুটি এলএনজি টার্মিনালের মধ্যে সামিট এলএনজি টার্মিনালের রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ রয়েছে। এ কারণে আগামী চার দিন দেশে দৈনিক গ্যাস সরবরাহ ২ হাজার ৫৭০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ২ হাজার ২৫০ মিলিয়ন ঘনফুটে নেমে আসতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সময়ে কোনো কোনো এলাকায় সাময়িকভাবে গ্যাসের চাপ কমে যেতে পারে।
তবে বিজ্ঞপ্তিটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে চার দিন দেশে গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে বলে গুজব ছড়িয়ে পড়ে।
পেট্রোবাংলা নতুন বার্তায় স্পষ্ট করেছে, আগের বিজ্ঞপ্তিতে কোথাও গ্যাস সরবরাহ বন্ধ রাখার কথা বলা হয়নি। সেখানে শুধু সরবরাহ কমে যাওয়া এবং কিছু এলাকায় সাময়িকভাবে স্বল্পচাপের আশঙ্কার কথা উল্লেখ করা হয়েছিল।