
সংগৃহীত ছবি
সৌরবিদ্যুতের প্রসার ও ব্যবহার ত্বরান্বিত করতে আগামী ৩ ও ৪ নভেম্বর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’।
বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) যৌথভাবে এ আয়োজন করছে।
আগামী ৩ নভেম্বর এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের পর তিনি মেলার বিভিন্ন স্টল ও প্রদর্শনী ঘুরে দেখবেন।
রোববার এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সৌরবিদ্যুতের দ্রুত সম্প্রসারণ, প্রশাসনিক জটিলতা নিরসন ও বিনিয়োগ ত্বরান্বিত করতে ইতোমধ্যে ‘বিশেষ সৌরবিদ্যুৎ অধ্যাদেশ, ২০২৬’ জারি করা হয়েছে। নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন ও ব্যবহার বৃদ্ধি, বেসরকারি বিনিয়োগ আকর্ষণ এবং প্রাতিষ্ঠানিক সমন্বয়ের লক্ষ্যে ‘জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬–২০৩০’ গ্রহণ করা হয়েছে।
এ ছাড়া ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণে নেট মিটারিং ব্যবস্থায় উদ্বৃত্ত বিদ্যুৎ প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সায় কেনার বিশেষ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। বেসরকারি খাতকে উৎসাহিত করা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ছাদে নিজস্ব মূলধন ছাড়াই তৃতীয় পক্ষের মাধ্যমে সৌরপ্যানেল স্থাপনে ওপেক্স মডেল উৎসাহিত করছে সরকার।
সৌরবিদ্যুৎ ও জ্বালানি সংরক্ষণ প্রযুক্তির সম্প্রসারণ, প্রকল্প বাস্তবায়ন ব্যয় কমানো এবং বিনিয়োগ বাড়াতে সৌরবিদ্যুৎ ও ব্যাটারিসংশ্লিষ্ট পণ্যের আমদানি শুল্ক ১ শতাংশে নামিয়ে আনা হয়েছে। এসব পণ্যের মূল্য সংযোজন করও (মূসক) সম্পূর্ণ মওকুফ করা হয়েছে।
‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’-এর মূল প্রতিপাদ্য ‘প্রতি ইঞ্চি ছাদ কাজে লাগাই, সৌরবিদ্যুতে আয় বাড়াই’। সরকারের বিভিন্ন উদ্যোগের পাশাপাশি সৌরপ্রযুক্তির সর্বাধুনিক উদ্ভাবন তুলে ধরা, বিনিয়োগে উৎসাহ দেওয়া এবং নবায়নযোগ্য জ্বালানি খাতের অংশীজনদের মধ্যে সহযোগিতা জোরদার করাই এ আয়োজনের লক্ষ্য।
এক্সপোতে সৌরবিদ্যুৎ খাতের উদ্ভাবনী সমাধান ও সমন্বিত সেবা তুলে ধরতে থাকবে বিশেষায়িত প্রদর্শনী স্টল। সেখানে সোলার প্যানেল, ইনভার্টার, স্মার্ট গ্রিড প্রযুক্তি, উন্নত ব্যাটারি সংরক্ষণব্যবস্থাসহ আধুনিক সৌর সরঞ্জাম প্রদর্শন করা হবে। পাশাপাশি প্রকল্প অর্থায়ন, সহজ শর্তে ঋণ ও কারিগরি সহায়তা দিতে দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, প্রকল্প উন্নয়নকারী ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো নিজেদের সেবা তুলে ধরবে।
দুই দিনব্যাপী এ আয়োজনে বিশ্বমানের প্রযুক্তি প্রদর্শনীর পাশাপাশি সৌর খাতের কৌশলগত উন্নয়ন, নীতিগত পরিবেশ ও বিনিয়োগ সম্ভাবনা নিয়ে চারটি বিশেষায়িত সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারগুলোর মূল প্রতিপাদ্য ‘Policy, People and Capital for Bangladesh's Solar Revolution’।
সেমিনারে দেশি-বিদেশি বিশেষজ্ঞ, নীতিনির্ধারক, আর্থিক প্রতিষ্ঠান, প্রযুক্তি সরবরাহকারী, বিনিয়োগকারী ও শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা আলোচক হিসেবে অংশ নেবেন। এ ছাড়া সেবা প্রদানকারীদের জন্য রাখা হয়েছে বিশেষ ওরিয়েন্টেশন পর্ব।