প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১১:০৫ এএম (ভিজিট : ১১৬)

সংগৃহীত ছবি
সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। সোমবার (২ নভেম্বর) অস্ট্রেলীয় এই ক্রিকেটারের অবসরের খবর নিশ্চিত করেছে ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকইনফো।
গত অক্টোবরেই ৩৯ বছরে পা রেখেছেন ম্যাক্সওয়েল। এর আগে গত বছরের জুনে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তিনি। এবার আন্তর্জাতিক ক্রিকেটের সব সংস্করণ থেকেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন এই অজি অলরাউন্ডার।
২০১২ সালে ২৩ বছর বয়সে অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে অভিষেক হয় ম্যাক্সওয়েলের। জাতীয় দলের হয়ে ১৪৯টি ওয়ানডে খেলে ৩৩.৮১ গড়ে ৩ হাজার ৯৯০ রান করেছেন তিনি। তাঁর স্ট্রাইক রেট ছিল ১২৬.৭০।
২০২৩ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে তাঁর অপরাজিত ২০১ রানের ইনিংস ওয়ানডে ক্রিকেটের অন্যতম স্মরণীয় পারফরম্যান্স হিসেবে বিবেচিত হয়। একাই দলকে অবিশ্বাস্য জয় এনে দেওয়া সেই ইনিংসকে অনেকেই ওয়ানডে ইতিহাসের অন্যতম সেরা ইনিংস মনে করেন।
লোয়ার অর্ডারে ব্যাটিং করেও ওয়ানডেতে চারটি সেঞ্চুরি ও ২৩টি হাফ সেঞ্চুরি করেছেন ম্যাক্সওয়েল। বল হাতে অফ স্পিনে নিয়েছেন ৭৭ উইকেট। দুর্দান্ত ফিল্ডিংয়ের জন্য পরিচিত এই ক্রিকেটারের ঝুলিতে রয়েছে ৯১টি ক্যাচ।