প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৬:১৬ পিএম (ভিজিট : ৩২)

সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদের অষ্টম অধিবেশনকে কেন্দ্র করে রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আগামী ৯ নভেম্বর রোববার রাত ১২টা থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে এবং সংসদ অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত তা বহাল থাকবে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের অষ্টম অধিবেশন শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৮ ও ২৯ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
নিষেধাজ্ঞার আওতাভুক্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত এলাকা। বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত, পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত এবং মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে মানিক মিয়া অ্যাভিনিউ হয়ে আসাদগেট পর্যন্ত এলাকা।
এ ছাড়া খামারবাড়ি থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং নির্ধারিত সীমানার ভেতরে থাকা সব সড়ক ও গলিপথও এ নিষেধাজ্ঞার আওতায় থাকবে।
গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত সময় থেকে এসব এলাকায় অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকর ও দূষণীয় বস্তু বহন করা যাবে না। একই সঙ্গে সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ থাকবে।
সংসদের অষ্টম অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত ডিএমপির এ নির্দেশনা কার্যকর থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।