প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৬:২০ পিএম (ভিজিট : ৫৮)

সংগৃহীত ছবি
‘চাঁদাবাজি ও লুটপাট করার জন্য তারেক রহমান এসেছেন, দেশ পরিচালনায় তার কোনো পরিকল্পনা নেই’—এমন মন্তব্য প্রত্যাহারের দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
নোটিশ পাওয়ার ১০ দিনের মধ্যে ওই বক্তব্য প্রত্যাহার করে জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় ফৌজদারি কার্যবিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. হাবিবুর রহমান নাহিদ ইসলাম বরাবর এ আইনি নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়, গত ৩০ অক্টোবর সন্ধ্যার পর চ্যানেল ওয়ান ও চ্যানেল আইয়ে প্রচারিত বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, ‘চাঁদাবাজি ও লুটপাট করার জন্য তারেক রহমান এসেছেন। দেশ পরিচালনায় তার কোনো পরিকল্পনা নেই।’
আইনজীবী হাবিবুর রহমান দাবি করেন, এ বক্তব্য তার দৃষ্টিগোচর হওয়ার পর তিনি বিব্রত, ব্যথিত ও ক্ষুব্ধ হয়েছেন। তার ভাষ্য, সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে এমন মন্তব্য করা অগ্রহণযোগ্য এবং দায়িত্বশীল রাজনৈতিক ব্যক্তির কাছ থেকে এ ধরনের বক্তব্য প্রত্যাশিত নয়।
নোটিশে আরও বলা হয়, এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপের মতো গুরুত্বপূর্ণ পদে থাকা একজন ব্যক্তির কাছ থেকে এমন মন্তব্য অনাকাঙ্ক্ষিত। এ বক্তব্যের জন্য নাহিদ ইসলামকে জাতির কাছে ক্ষমা চাইতে বলা হয়েছে।
এ ছাড়া সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজি ও লুটপাটের অভিযোগসংবলিত বক্তব্য গণমাধ্যমে বারবার প্রচার করে তার সম্মানহানি করা হয়েছে বলে নোটিশে দাবি করা হয়।
নোটিশে তারেক রহমানের বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দুর্নীতিমুক্ত ভাবমূর্তি এবং তার মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক অবস্থানের বিষয়টিও উল্লেখ করা হয়েছে। আইনজীবীর দাবি, এমন রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে তারেক রহমানের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ জাতি বিশ্বাস করতে চায় না।
সবশেষে নোটিশ পাওয়ার ১০ দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার করে লিখিত জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় ফৌজদারি কার্যবিধি অনুযায়ী যথাযথ আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।